জেলেনস্কির অভিযোগ, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহে দেরি ও যুক্তরাষ্ট্রের চাপের অভাবে বাড়ছে ইউক্রেনের প্রাণহানি

কিয়েভ,২৭ নভেম্বর-অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহে দেরি হওয়ায় ইউক্রেনের মানুষের প্রাণহানি ঘটছে। একই সঙ্গে শান্তি আলোচনায় রাশিয়ার ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করা হচ্ছে না। যুক্তরাষ্ট্রের প্রতি হতাশা প্রকাশ করে এমন অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
কিয়েভে নিজের কার্যালয়ে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি পোস্ট করার বিষয়টিকেও ‘অদ্ভুত’ বলে মন্তব্য করেন জেলেনস্কি। ওই ছবিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘আমার বন্ধু’ বলে আলিঙ্গন করতে দেখা যায় ট্রাম্পকে।
জেলেনস্কি বলেন, “অবশ্যই বিষয়টি মার্কিন প্রেসিডেন্টের ওপর নির্ভর করে, কিন্তু ব্যাপারটা অদ্ভুত।”
তিনি আরও বলেন, “সে একজন আগ্রাসী এবং হত্যাকারী… সে বন্ধু হতে পারে না। কিছুতেই না।”
জেলেনস্কির মতে, বিষয়টি অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের সঙ্গে বন্ধুত্বের কথা বলার মতো।
২০২৫ সালে ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে তিক্ত অভিজ্ঞতার পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখার বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন জেলেনস্কি।
দীর্ঘদিন ধরে ট্রাম্পের দুই দূত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তিচুক্তি করার চেষ্টা করছেন, যাতে ব্যাপক প্রাণহানি বন্ধ করা যায়। তবে অনেক সময় মনে হয়েছে, কিয়েভের অবস্থানের তুলনায় মস্কোর অবস্থানের সঙ্গেই তারা বেশি একমত।
চলতি মাসের শুরুতে আবুধাবিতে অনুষ্ঠিত শান্তি আলোচনার শেষ দফায় দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এ পরিস্থিতি সম্পর্কে জেলেনস্কি বলেন, “আমরা যত বেশি জানি, সমস্যা তত বাড়ে।”
তিনি জানান, ডিসেম্বরে আবারও আলোচনা শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে বৈঠকের সময় তিনি রাশিয়াকে “ইউরোপজুড়ে বিভিন্ন অঞ্চলের বিরুদ্ধে সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ করার” আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনের সঙ্গে একটি শান্তিচুক্তি হওয়ার “জোরালো সম্ভাবনা” রয়েছে বলেও মনে করেন ট্রাম্প।
তবে ট্রাম্পের প্রকাশ্য বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, সব ইস্যুতেই রাশিয়া আবারও আলোচনার শুরুর দিকের অনমনীয় দর-কষাকষির অবস্থানে ফিরে গেছে।
জেলেনস্কি আরও জানিয়েছেন, শান্তি আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিরা থাকবেন কি না, সে বিষয়ে মার্কিন প্রতিনিধিদের দেওয়া বার্তা স্পষ্ট ছিল না। এ ক্ষেত্রে ক্রেমলিন বাধা তৈরি করছে বলেও মনে করেন তিনি।
ইউক্রেনের জন্য এই আলোচনা এগিয়ে নেওয়া এবং পাঁচ বছর ধরে চলা রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের অবসান ঘটানো অত্যন্ত জরুরি।
ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলা আরও নিয়মিত ও প্রাণঘাতী হয়ে উঠছে। দেশটিতে নিহত বেসামরিক মানুষের সংখ্যা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
এ পরিস্থিতিতে জেলেনস্কি এমন “প্রকৃত সহযোগী বন্ধুদের” পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন, যারা রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে পারে। একই সঙ্গে “শক্তি ও সম্মান” সম্পন্ন শক্তিশালী দেশ হিসেবে নিজেদের সুনাম ধরে রাখতে যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
জেলেনস্কি বলেন, “যখন আপনি আগ্রাসনকারীর প্রতি খুব বেশি নিরপেক্ষ থাকার চেষ্টা করেন… তার মানে আপনি ভুক্তভোগীদেরও সমর্থন করছেন, আগ্রাসনকারীকেও সমর্থন করছেন। এটা ঠিক নয়।”
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি টেকসই শান্তিচুক্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র নিজেদের নিরপেক্ষ বলে দাবি করে।
এদিকে নিজেদের আকাশসীমা রক্ষা করতে হিমশিম খাচ্ছে কিয়েভ। দিন-রাত আকাশপথে হামলার সতর্কবার্তা এখন ইউক্রেনের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ক্লান্তিকর অংশ হয়ে দাঁড়িয়েছে।
রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে আঘাত হানছে। পাশাপাশি রাজধানী কিয়েভসহ অন্যান্য বড় শহরে প্রতিদিনই ড্রোন হামলা চালানো হচ্ছে।
এর জবাবে ইউক্রেনও রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে শত শত ড্রোন হামলা চালিয়েছে।
জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের সামরিক বাহিনী এখন রাশিয়ার দ্রুতগতির ড্রোনগুলোর প্রায় ৭০ শতাংশ ধ্বংস করতে পারছে। সময়ের সঙ্গে এই সক্ষমতা আরও বাড়ছে। তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য ইন্টারসেপ্টরের ঘাটতি রয়েছে ‘অনেক, অনেক বেশি’।
যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহে দেরি করছে বলেও অভিযোগ করেছেন জেলেনস্কি।
তিনি বলেন, “এটা দুঃখজনক যে তারা মধ্যপ্রাচ্যের দিকে মনোযোগ দিয়েছে এবং তাদের আরও বেশি সাহায্য করছে… এটা দুঃখজনক। এ নিয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে।” এসব ক্ষেপণাস্ত্রের ঘাটতির অর্থ হলো মানুষের প্রাণহানি।
ইউক্রেনের অধিকৃত এলাকাগুলোতে মার্কিন স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা স্টারলিংক এবং এর সামরিক সংস্করণ স্টারশিল্ডের ব্যবহার এখনও সীমিত রাখা হচ্ছে বলেও নিশ্চিত করেছেন জেলেনস্কি।
বিবিসির কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরেছে ইউক্রেনের ড্রোন ইউনিটগুলোও। তাদের ব্যবহৃত ইন্টারসেপ্টর ড্রোনগুলো এখন আর রাশিয়ার শাহেদ ড্রোনের সঙ্গে পেরে উঠছে না। ফলে এসব রুশ ড্রোন কোনো বাধা ছাড়াই ইউক্রেনের আরও ভেতরে প্রবেশ করতে পারছে।
এ বিষয়ে সিদ্ধান্তটি কে নিয়েছে, এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, “প্রযুক্তিগতভাবে স্পেসএক্স, রাজনৈতিকভাবে—আমি জানি না, সত্যিই জানি না। এটা অনেকটা… পিং পং খেলার মতো। আমরা এক পক্ষকে জিজ্ঞাসা করছি, তারা বলছে অন্য পক্ষ।”
তীব্র শীত আসন্ন
সাম্প্রতিক সপ্তাহগুলোতে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা বাড়িয়েছে ইউক্রেন। এসব লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে তেল শোধনাগার এবং অস্ত্র বা জ্বালানি বহনকারী জাহাজ।
বৃহস্পতিবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, চলতি সপ্তাহে পূর্ব লিবিয়ায় নোঙর করা একটি রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনা ভূমধ্যসাগরেও যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
জেলেনস্কি এ পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরে যুদ্ধজাহাজ মের্কুরির ওপর হামলাকে ‘একেবারে ন্যায্য আঘাত’ বলে উল্লেখ করেছেন।
এ ধরনের হামলা “খুবই বিপজ্জনক” বলে স্বীকার করলেও জেলেনস্কির দাবি, ইউক্রেনের বাহিনী সহযোগীদের সঙ্গে সমন্বয় না করে “কখনোই হামলা করে না”।
এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি না হলেও ইউক্রেন যে কঠিন ও বিপজ্জনক একটি শীতের জন্য প্রস্তুতি নিচ্ছে, তা স্বীকার করেছেন তিনি।
কিয়েভে সাম্প্রতিক হামলাগুলোতে দনিপ্রো নদীর ওপর থাকা সেতুগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে মনে হচ্ছে, শহরটিকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করছে রাশিয়া।
বিদ্যুৎ বিভ্রাট ও সরবরাহব্যবস্থায় হামলার কারণে ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এ কারণে কিছু বাসিন্দা ইতিমধ্যে শীতের আগেই শহর ছেড়ে চলে গেছেন। বন্ধ হয়ে গেছে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান।
রুশ হামলায় শহরের বেশিরভাগ এলাকাও অন্ধকারে ডুবে গেছে। জেলেনস্কি বলেন, “(রাশিয়া) অবশ্যই চায় আমরা পালিয়ে যাই।”
তিনি আরও বলেন, “লোকেরা চলে যেতে পারে, কিন্তু আমরা যেকোনো উপায়ে আমাদের রাজধানী রক্ষা করার চেষ্টা করব। আমাদের রাজধানী প্রয়োজন। রাজধানী ছাড়া কোনো দেশ হয় না।”
এস এম/ ২৭ নভেম্বর ২০২৬







