মধ্যপ্রাচ্য

দক্ষিণ লেবানন ছাড়ছে ইউনিফিল, ৫০ বছরের শান্তিরক্ষা মিশনের অবসান ২০২৬ সালের শেষে

ইউনিফিল

বৈরুত,২৭ নভেম্বর-দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (ইউনিফিল)-এর প্রায় ৫০ বছরের দীর্ঘ কার্যক্রম শেষ হতে চলেছে। একদিকে ইসরায়েলি বাহিনীর দখলদারিত্ব, অন্যদিকে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ নিয়ে তীব্র বিতর্কের মধ্যে শান্তিরক্ষীদের বিদায়ের প্রস্তুতি শুরু হয়েছে। লেবাননের সীমান্তবর্তী শহর নাকুরার ধ্বংসস্তূপের মধ্যে টিকে থাকা অল্প কয়েকটি ভবনের মধ্যে এখন রয়েছে ইসরায়েলি সেনাদের দখলে থাকা একটি পরিত্যক্ত হোটেল এবং জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদর দপ্তর। একসময়কার সুন্দর সমুদ্রতীরবর্তী শহরটি এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জনশূন্য রাস্তায় মাঝেমধ্যে শুধু সামরিক টহল কিংবা বেসামরিক নাগরিক ও ত্রাণসামগ্রী বহনকারী শান্তিরক্ষীদের গাড়িবহর চলাচল করতে দেখা যায়।

আর মাত্র এক মাসের কিছু বেশি সময় পর ইউনিফিলের ম্যান্ডেট শেষ হতে যাচ্ছে। কিন্তু এরপর সেখানে কী ঘটবে বা নিরাপত্তা ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে এখনো কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি হয়নি। লেবানন সরকার চায় জাতিসংঘের এই বাহিনী সেখানে অবস্থান করুক। তবে যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের দাবির মুখে গত বছর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২০২৬ সালের শেষ নাগাদ ইউনিফিলের ম্যান্ডেট শেষ করার পক্ষে ভোট দেয়। ইসরায়েলের দাবি, বছরের পর বছর হিজবুল্লাহর সামরিক শক্তি বাড়তে থাকায় এই মিশন ব্যর্থ হয়েছে। তবে শান্তিরক্ষীদের মতে, ২০২৩ সালে দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর আঞ্চলিক সংঘাত শুরু হওয়ার আগ পর্যন্ত তারা টানা ১৭ বছর ওই অঞ্চলে শান্তি বজায় রাখতে সহায়তা করেছেন।

এ বিষয়ে অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে ইউনিফিলের প্রধান ও ফোর্স কমান্ডার মেজর জেনারেল দিওদাতো আবাগনারা বলেন, হিজবুল্লাহকে নিরস্ত্র করা তাঁর ম্যান্ডেটের মধ্যে পড়ে না। তাঁর দায়িত্ব হলো লেবাননের সশস্ত্র বাহিনীকে সহায়তা করা, যাতে তারা দক্ষিণাঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। এ জন্য সর্বোত্তম পরিবেশ তৈরি করাই তাঁদের কাজ। হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা তাঁদের দায়িত্ব নয়।

আগামী ১ জানুয়ারি থেকে ইউনিফিল তাদের ৭ হাজার ৫০০ শান্তিরক্ষীকে ধাপে ধাপে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। তবে এরপর যা-ই ঘটুক না কেন, দক্ষিণাঞ্চলে যেকোনো ধরনের নিরাপত্তা শূন্যতা এড়ানো অত্যন্ত জরুরি বলে সতর্ক করেছেন মেজর জেনারেল আবাগনারা।

সাম্প্রতিক দুটি যুদ্ধে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা কিংবা ইসরায়েলের বিমান হামলা ঠেকাতে না পারলেও দক্ষিণ লেবাননের সাধারণ মানুষের কাছে ইউনিফিলের উপস্থিতি এখনো নিরাপত্তার প্রতীক। ইসরায়েল-অধিকৃত এলাকার ঠিক বাইরে হালতা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আউন এ বছর বেশ দেরিতে তাঁর জলপাই বাগানে ফসল তোলার কাজ শুরু করেছেন। চলতি মাসের শুরুর দিকে ফসল তোলার প্রথম দিনে ইউনিফিলের একটি টহল দল তাঁর বাগানের কাছে থামে। তখন মাথার ওপর ইসরায়েলি ড্রোন উড়ছিল এবং দূরের উপত্যকায় বিমান হামলার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। আগের দুই বছরের ফসল হারানোর পর এবারও কাজ শুরু করতে দ্বিধায় ছিলেন আউন। শান্তিরক্ষীদের আসন্ন বিদায় নিয়ে উদ্বিগ্ন এই কৃষক বলেন, টহল দলগুলোকে নিয়মিত আসা-যাওয়া করতে দেখলে তাঁরা নিজেদের অনেক বেশি নিরাপদ মনে করেন। এটি এক ধরনের সুরক্ষা। নিরাপত্তার দিক থেকে তাদের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। তারা চলে যাওয়ার পর কী ঘটবে, তা তাঁরা জানেন না।

১৯৭৮ সালে ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করতে ইসরায়েল দক্ষিণ লেবাননে অভিযান চালানোর পর ইউনিফিল গঠন করা হয়। এরপর ১৯৮২ সালে ইসরায়েল আবারও লেবাননে হামলা চালায় এবং ২০০০ সাল পর্যন্ত সেখানে অবস্থান করে। এই সময়ের মধ্যে ইরানের সমর্থনে গেরিলা বাহিনী হিসেবে হিজবুল্লাহর উত্থান ঘটে। ২০০৬ সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এক মাসব্যাপী যুদ্ধের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব লঙ্ঘনের বিষয়টি পর্যবেক্ষণের দায়িত্ব পায় ইউনিফিল। পরে ২০২৪ সালে আরেকটি যুদ্ধের পর যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রক্রিয়াতেও যুক্ত ছিল জাতিসংঘের এই বাহিনী। পরিকল্পনা ছিল, জাতিসংঘের শান্তিরক্ষীরা চলে যাওয়ার পর লেবাননের সেনাবাহিনী দক্ষিণ লেবাননের নিরাপত্তার দায়িত্ব নেবে। কিন্তু গত মার্চ মাসে ইরানের সঙ্গে বৃহত্তর যুদ্ধের জেরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে পরিস্থিতি পাল্টে যায়। বর্তমানে ইসরায়েল দক্ষিণ লেবাননের বিশাল এলাকা দখল করে রেখেছে এবং সেখানকার কয়েক ডজন গ্রাম জনশূন্য করে ধ্বংস করে দিয়েছে। মেজর জেনারেল আবাগনারা জানান, দখল করা এলাকার কয়েকটি খ্রিস্টান অধ্যুষিত গ্রামে এখনো প্রায় ১১ হাজার মানুষ বসবাস করছেন। দেশের বাকি অংশের সঙ্গে যোগাযোগের জন্য তাঁরা পুরোপুরি ইউনিফিলের নিরাপত্তা বেষ্টনী বা এসকর্টের ওপর নির্ভরশীল। এদিকে, হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিনিময়ে ইসরায়েলি সেনা প্রত্যাহারের যে চুক্তির কথা চলছিল, তা ভেস্তে গেছে। দুই দেশের মধ্যকার আলোচনাও থমকে আছে।

এই অচলাবস্থা কাটাতে এখনো কোনো স্পষ্ট সমাধান পাওয়া যায়নি। বুধবার এক বিবৃতিতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, ইসরায়েল এখনো দক্ষিণাঞ্চলে শত্রুতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তিনি জানান, তাঁর সরকার এবং লেবাননের ঘনিষ্ঠ মিত্র ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ফ্রান্স—উভয়ই ইউনিফিলের ম্যান্ডেট বাড়ানোর পক্ষে। প্রেসিডেন্ট আউনের মতে, বিকল্প কোনো বাহিনী দায়িত্ব নিলেও কিছু সংশোধনী সাপেক্ষে তাদের ১৭০১ নম্বর প্রস্তাবের কাঠামোর অধীনেই কাজ করতে হবে। অন্যদিকে, মার্কিন কর্মকর্তারা সেখানে কোনো না কোনো আন্তর্জাতিক বাহিনী রাখার বিষয়ে আগ্রহ দেখালেও সেটি বর্তমান কাঠামোয় রাখতে চান না। এর পরিবর্তে তাঁরা কোনো বেসামরিক বাহিনী বা বেসরকারি প্রতিরক্ষা ঠিকাদার নিয়োগের পরামর্শ দিয়েছেন। তবে ইসরায়েল চায়, হিজবুল্লাহর অবশিষ্ট অস্ত্র অপসারণে তাদের সামরিক বাহিনী সরাসরি লেবাননের সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করুক। চলতি মাসের শুরুতে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন অভিযোগ করেন, হিজবুল্লাহ ইউনিফিলের উপস্থিতির সুযোগ নিয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তাঁরা কোনো আন্তর্জাতিক বাহিনীর ওপর নির্ভর করেন না, বরং শুধু নিজেদের সেনাদের ওপরই ভরসা রাখেন।

এস এম/ ২৭ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language