
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্য লুইজিয়ানা। মিসিসিপি নদীর তীরে এর রাজধানী ব্যাটন রুজ। এই শহরেই অবস্থিত লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি, যেখানে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য আসেন দেশবিদেশের শিক্ষার্থীরা। তাঁদেরই একজন ছিলেন বাংলাদেশ থেকে আসা ফিরোজ-উল-আমিন রিয়াল। কম্পিউটার সায়েন্সে পিএইচডি করছিলেন তিনি, গবেষণার বিষয় ছিল সাইবার নিরাপত্তা। পড়াশোনার পাশাপাশি একটি গ্যাস স্টেশনে খণ্ডকালীন কাজও করতেন।
২০১৯ সালের সেপ্টেম্বর। ডিসেম্বর আসতে তখনো প্রায় তিন মাস বাকি। সেই ডিসেম্বরেই বিয়ের কথা ছিল ফিরোজের। গবেষণার সঙ্গে এগোচ্ছিল নতুন সংসার গড়ার আয়োজন। কিন্তু সেপ্টেম্বরের এক রাতেই থেমে যায় সব। কর্মস্থলে ঢুকে এক বন্দুকধারী তাঁকে গুলি করে হত্যা করে। ক্যাশের টাকা নিয়ে চলে যায় হামলাকারী। পেছনে পড়ে থাকে ২৯ বছরের এক তরুণ গবেষকের নিথর দেহ।
সেদিন ছিল ৭ সেপ্টেম্বর। স্থানীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে ইস্ট ব্যাটন রুজ এলাকার এয়ারলাইন হাইওয়ের মিস্টার লাকিস ভ্যালেরো গ্যাস স্টেশনে কাজ করছিলেন ফিরোজ। রাতের সেই শিফটেই হামলার শিকার হন তিনি।
সেদিন ওই শিফটে কাজ করার পেছনেও ছিল পরিচিত একজনকে সাহায্য করার ঘটনা। গ্যাস স্টেশনের ব্যবস্থাপক নাসির ভূঁইয়া স্থানীয় টেলিভিশন চ্যানেল ডব্লিউএএফবিকে জানিয়েছিলেন, শুক্রবার রাতে বন্ধুদের নিয়ে তাঁর একটি আয়োজন ছিল। সে কারণে ফিরোজ তাঁর শিফটে কাজ করতে এসেছিলেন। কিছুদিন আগেই সেখানে খণ্ডকালীন কাজ শুরু করেছিলেন তিনি। ব্যবস্থাপকের স্মৃতিতে ফিরোজ ছিলেন ভদ্র ও ভালো মনের একজন মানুষ।
দোকানের ভেতরে কী ঘটেছিল, তার বিবরণ পাওয়া যায় নজরদারি ক্যামেরার ফুটেজে। তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারী ভেতরে ঢুকে কোনো উসকানি ছাড়াই ফিরোজকে গুলি করে। আগে গুলি, তারপর টাকা লুট। কর্মরত তরুণকে হত্যা করার পরও থামেনি লোকটি। ফিরোজের পড়ে থাকা দেহ ডিঙিয়ে সে ক্যাশের কাছে যায়, টাকা নেয় এবং দোকান ছেড়ে বেরিয়ে যায়।
২০১৮ সালের জানুয়ারিতে বৃত্তি নিয়ে পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে আসেন ফিরোজ। এর আগে গাজীপুরের রানী বিলাসমনি সরকারি বালক উচ্চবিদ্যালয় ও ঢাকার সেন্ট জোসেফ কলেজে পড়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে উচ্চশিক্ষা শেষ করে পাড়ি জমিয়েছিলেন গবেষণার পরবর্তী ধাপে।
ফিরোজের মৃত্যুতে লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটিতেও নেমে আসে গভীর শোক। অধ্যাপক এভানজেলোস ত্রিয়ানতাফিলু জানান, ২০১৮ সালে তাঁর অধীনে সহকারী হিসেবে কাজ করেছিলেন ফিরোজ। পড়াশোনায় নিবেদিত এই তরুণের সম্ভাবনাময় ভবিষ্যৎ আর বাস্তব হয়ে উঠবে না, সেই বেদনাই প্রকাশ করেছিলেন তিনি।
হত্যাকাণ্ডের পাঁচ দিন পর, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর তদন্তে অগ্রগতি আসে। পোর্ট অ্যালেনের বাসিন্দা আন্তোনিও ওয়াটসকে গ্রেপ্তার করে ইস্ট ব্যাটন রুজ প্যারিশ শেরিফের কার্যালয়। তাঁর বয়স তখন ২২ বছর। স্থানীয় এক বাসিন্দার দেওয়া তথ্যের সূত্র ধরে তদন্তকারীরা তাঁর কাছে পৌঁছান। কর্তৃপক্ষ জানায়, জিজ্ঞাসাবাদে ওয়াটস হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এবং এমন বিবরণ দেন, যা গ্যাস স্টেশনের ক্যামেরায় ধারণ করা দৃশ্যের সঙ্গে মিলে যায়।
এরপর মামলাটি আদালতে গড়ায়। স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউবিআরজেডের ২০২৫ সালের ৯ সেপ্টেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ওয়াটসকে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি মানুষ হত্যা বা ‘ম্যানস্লটার’, সশস্ত্র ডাকাতি, পূর্বে দণ্ডিত ব্যক্তি হিসেবে আগ্নেয়াস্ত্র রাখা এবং বিচারপ্রক্রিয়ায় বাধা দেওয়ার অপরাধ স্বীকার করেন। জেলা বিচারক ব্র্যাড মেয়ার্স এই সাজা দেন।
মর্মান্তিক এ হত্যাকাণ্ডের খবর অনেকের মনে থাকলেও মামলার এই পরিণতি তাঁদের অজানা থেকে যেতে পারে। সেই অজানা অধ্যায় পাঠকদের জানাতেই ঘটনাটি ফিরে দেখা। তবে অপরাধীর শাস্তি হলেও ফিরোজের অসমাপ্ত জীবন আর ফিরে পাওয়ার নয়। যে ডিসেম্বরে তাঁর বিয়ে হওয়ার কথা ছিল, সেই ডিসেম্বর বারবার আসে, আবার চলেও যায়। শুধু নতুন সংসার গড়ার স্বপ্ন দেখা মানুষটি আর ফিরে আসেন না।
এনএন/ ২৬ নভেম্বর ২০২৬







