মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে হামলার প্রস্তুতি রয়েছে ইসরায়েলের

ইরানে হামলা চালানোর সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে ইসরায়েল

তেল আবিব,২৬ নভেম্বর-যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা না পেলেও ইরানে হামলা চালানোর সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক মুখপাত্র এফি ডেফরিন বলেছেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়াই এককভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে ইসরায়েল।

ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেফরিন বলেন, ‘আমরা যেকোনো মুহূর্তে শক্তি প্রয়োগ করে হামলা চালাতে প্রস্তুত, এমনকি আমেরিকানদের ছাড়াও।’

ইরানকে এখনো ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েলকে ধ্বংস করার জন্য তেহরানের যে পরিকল্পনা রয়েছে, তা এখনো শেষ হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার হুমকি অব্যাহত রয়েছে। দুই দেশের মধ্যে উত্তেজনাও কমেনি। এরই মধ্যে ইসরায়েলের সামরিক মুখপাত্রের বক্তব্যে ওয়াশিংটনের সরাসরি সহযোগিতা ছাড়াই তেহরানের বিরুদ্ধে অভিযান চালানোর প্রস্তুতির বিষয়টি সামনে এসেছে।

এর আগে গত সেপ্টেম্বরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইরান ইসরায়েলে হামলা চালালে দেশটির সামরিক বাহিনী ইরানকে ‘প্রস্তর যুগে ফিরিয়ে দেবে’ এবং অন্ধকারে ডুবিয়ে দেবে।

এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। ড্রোন, হেলিকপ্টার ও যুদ্ধবিমান ব্যবহার করে সেখানে হামলার তীব্রতা আরও বাড়িয়েছে ইসরায়েল।

এস এম/ ২৬ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language