গাড়িবোমা তৈরির অভিযোগে সিডনিতে বাংলাদেশি বংশোদ্ভূত যুবক নওরোজ আমিন গ্রেপ্তার
নজরুল মিন্টো

২০ নভেম্বর, শুক্রবার। ভোর পাঁচটার দিকে সিডনির ইংলবার্নে একটি বাড়িতে হানা দেয় অস্ট্রেলিয়ার সন্ত্রাসবিরোধী পুলিশ। মাস ছয়েক ধরে চলছিল তদন্ত। সেদিন সিডনির বিভিন্ন এলাকায় একযোগে তল্লাশি চালায় পুলিশ। ইংলবার্নের ওই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশি বংশোদ্ভূত ৩৫ বছর বয়সী নওরোজ রায়েদ আমিনকে। পুলিশের অভিযোগ, সম্ভাব্য হামলায় ব্যবহারের জন্য গাড়িবোমা তৈরির উপায় খুঁজছিলেন তিনি। কোথায় বা কাদের ওপর হামলা হতে পারত, সে সম্পর্কে কোনো তথ্য মেলেনি বলে জানিয়েছে পুলিশ।
এক দশক আগে এই সিডনিতেই আমিনকে থামানো হয়েছিল বিমানবন্দরে। সেদিন বাংলাদেশগামী বিমানে ওঠার কথা ছিল তাঁর। লাগেজ তল্লাশির পর তাঁকে আর বিমানে উঠতে দেওয়া হয়নি। সেই ঘটনা শেষ পর্যন্ত তাঁকে নিয়ে যায় কারাগারে। পাঁচ বছর চার মাসের পুরো সাজা খেটে ২০২৩ সালের ১৫ অক্টোবর তিনি কারাগার থেকে বের হন। মুক্তির তিন বছর পেরোতেই তিনি আবার হেফাজতে। আগামী ২৬ নভেম্বর তাঁকে ফের আদালতে হাজির করার কথা।
বিমানবন্দরে আমিনের লাগেজে সামরিক ধাঁচের পোশাক আর বুট পেয়েছিলেন কর্মকর্তারা। তাঁর সঙ্গে থাকা ডিজিটাল যন্ত্রগুলোতে মেলে ইসলামিক স্টেটের (আইএস) প্রকাশনা ও সহিংসতায় উৎসাহ জোগানো নানা উপাদান। কিন্তু কেন তিনি বাংলাদেশে যাচ্ছিলেন? সেই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তকারীদের ফিরতে হয় কয়েক মাস আগের কিছু অনলাইন কথোপকথনে।
নওরোজ রায়েদ আমিনের জন্ম লন্ডনে। প্রায় চার বছর বয়সে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় যান তিনি। তাঁর পৈতৃক বাড়ি কুমিল্লায়, মায়ের বাড়ি বরিশালে। বাংলাদেশি বংশোদ্ভূত এই অস্ট্রেলীয় নাগরিক ২০১৮ সালে গ্রেপ্তারের সময় সিডনির ইংলবার্নে মা-বাবার সঙ্গে থাকতেন। তাঁর বাবা প্রথমে লন্ড্রির ব্যবসা করতেন। পরে ফ্র্যাঞ্চাইজি নিয়ে একটি ডাকঘর চালাতেন। ২০১৪ সালে বাংলাদেশে পারিবারিকভাবে সাদিয়া আমিনকে বিয়ে করেন নওরোজ। সাদিয়া পুরান ঢাকার একটি কিন্ডারগার্টেনে শিক্ষকতা করতেন।
বিয়ের পরের বছর, ২০১৫ সালে, বাংলাদেশে অবস্থানরত দুজনের সঙ্গে অনলাইনে যোগাযোগ হয় আমিনের। তাঁদের সঙ্গে কথাবার্তায় তিনি বাংলাদেশে যাওয়ার ইচ্ছার কথা জানান। সেই আলোচনায় আইএসের মতাদর্শের প্রতি তাঁর সমর্থন এবং সহিংস কর্মকাণ্ডে অংশ নিতে প্রশিক্ষণ পাওয়ার আগ্রহও উঠে আসে। পরে আদালতে এসব কথোপকথনই হয়ে ওঠে তাঁর বাংলাদেশ সফরের উদ্দেশ্য বোঝার অন্যতম সূত্র।
২০১৭ সালের অক্টোবরে জেএমবির একটি অংশের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকার চকবাজার থেকে সাদিয়াকে গ্রেপ্তার করে র্যাব। ২০২৩ সালের আদালতের নথি অনুযায়ী, নওরোজ ও সাদিয়া তখন আলাদা থাকতেন। নওরোজ জানিয়েছিলেন, তিনি বিবাহবিচ্ছেদ চান। পরে তাঁদের আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়েছিল কি না, তা জানা যায়নি।
বিমানবন্দর থেকে সেদিন তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। ওই মাসেই বাতিল করা হয় তাঁর অস্ট্রেলীয় পাসপোর্ট। তদন্ত চলতে থাকে আরও দুই বছরের বেশি সময়। ২০১৮ সালের ১৬ জুন ইংলবার্নে তাঁর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেদিনই প্রথম গ্রেপ্তার হন আমিন।
আদালতে আমিন দুটি অপরাধের দায় স্বীকার করেন। একটি সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়া, অন্যটি সন্ত্রাসে উৎসাহ জোগায় এমন নিষিদ্ধ সামগ্রী অস্ট্রেলিয়া থেকে নিয়ে যাওয়ার চেষ্টা। আদালতে প্রশ্ন ওঠে, আমিন কোথায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিলেন? প্রসিকিউশনের দাবি ছিল, অস্ট্রেলিয়াতে হামলার অভিপ্রায় ছিল তাঁর। বিচারপতি পিটার গার্লিংয়ের সিদ্ধান্ত ছিল, আমিন বাংলাদেশে গিয়ে তৎকালীন সরকার ও আইএসের মতাদর্শের বিরোধীদের বিরুদ্ধে সহিংসতায় অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন।
আদালতে নিজের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ করেন আমিন। বিচারকের মনে হয়েছিল, তিনি সেই মতাদর্শ ছেড়েছেন কিংবা তা থেকে সরে আসার পথে রয়েছেন। আমিনের স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনাও দেখেছিলেন বিচারপতি গার্লিং।
২০১৮ সালে প্রথম গ্রেপ্তারের আগে আমিন কোনো নির্দিষ্ট পেশায় যুক্ত ছিলেন বলে সে সময়ের সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ পাওয়া যায়নি। কারাগারে থাকার সময় ম্যাকোয়ারি সংশোধনাগারে প্রথমে ভারী প্রকৌশল কাজের ওয়ার্কশপে, পরে লন্ড্রি বিভাগে কাজ করেন। কারাগার থেকে বের হওয়ার পর ২০২৫ সালে নির্মাণ খাতে খণ্ডকালীন কাজ পান বলে জানায় দ্য অস্ট্রেলিয়ান।
এবার আমিনের বিরুদ্ধে দুটি অভিযোগ এনেছে পুলিশ। প্রথমটি সম্ভাব্য সন্ত্রাসী হামলায় কাজে লাগতে পারে এমন নথি সংগ্রহ বা তৈরির। গাড়িবোমার প্রসঙ্গ এসেছে সেই নথির সূত্রে। দ্বিতীয়টি অনলাইনে পাওয়া সহিংস উগ্রবাদী উপাদান নিজের কাছে রাখার। পুলিশের দাবি, এর কিছু উপাদান আইএসের মতাদর্শের সঙ্গে সম্পর্কিত।
অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের ডেপুটি কমিশনার হিলডা সিরেক বলেছেন, আমিনের বিরুদ্ধে অভিযোগ আনার মতো তথ্য হাতে আসার পরই তাঁকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্যসূত্র: ABC News ; Associated Press







