জাতীয়

পোশাকশ্রমিকদের নতুন মজুরি প্রস্তাব মালিকপক্ষের, গ্রহণ করেনি শ্রমিকরা

মালিকপক্ষ

ঢাকা,২৩ নভেম্বর-তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডে প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ভবনে বোর্ডের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, মালিকপক্ষের প্রস্তাব তারা পেয়েছেন। তবে এখনই তা প্রকাশ করা হচ্ছে না। মালিকপক্ষের দেওয়া মজুরি প্রস্তাব শ্রমিকপক্ষ গ্রহণ করেনি। তাই এ বিষয়ে আরও আলোচনা হবে। ব্রিফিং শেষে আবার আলোচনা শুরু করা হবে।

সৈয়দ আজাদ বলেন, আজ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো না গেলে মঙ্গলবারও আলোচনা হবে। আজ রাত ১০টা পর্যন্ত আলোচনা চলতে পারে। তবে মঙ্গলবারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শ্রমিক-কর্মচারীদের স্বার্থকে বোর্ড সবার আগে গুরুত্ব দেবে এবং তাঁদের দাবি-দাওয়া বিবেচনায় নেওয়া হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম মাত্র তিনটি সভার মাধ্যমে নতুন মজুরির বিষয়টি চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজন হলে টানা কয়েক দিন ধরে আলোচনা চলবে। তবে আশা করছেন, আজ না হলেও কাল একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

এ সময় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে, তা তাঁদের দাবির তুলনায় অনেক কম। তাই তাঁরা সেটি গ্রহণ করেননি। তবে শিল্পের স্বার্থে প্রয়োজনে তাঁরাও নিজেদের দাবি থেকে কিছুটা ছাড় দেবেন। এরপর আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় আন্দোলনরত শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে সভা চলার সময় মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ একাধিক শ্রমিক সংগঠনের ব্যানারে এ বিক্ষোভ হয়। একপর্যায়ে কয়েকজন আন্দোলনকারী ভবনে ঢুকে ১৩ তলায় মজুরি বোর্ডের চেয়ারম্যানের সভাকক্ষের সামনে স্লোগান দেন।

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে। এরপরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে। পরে গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন।

এরপর ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ শিক্ষানবিশ পদে সর্বনিম্ন ৩০ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকার প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। সেই অনুযায়ী, ১৬ নভেম্বরের সভায় মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে জানিয়েছিল বিজিএমইএ।

রোববার (২২ নভেম্বর) শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করায় ২৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। শিল্পাঞ্চল পুলিশ-১-এর তথ্য অনুযায়ী, তাদের আওতাধীন এলাকায় বিভিন্ন খাতের মোট কারখানা ১ হাজার ৭২৩টি। এর মধ্যে তৈরি পোশাক কারখানা ৭৩৬টি, যার মধ্যে ৪৭০টি রপ্তানিমুখী।

এস এম/ ২৩ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language