মধ্যপ্রাচ্য

ইরাকের বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৪ ও আহত ৩৫

ইরাকের বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড

বাগদাদ,২১ নভেম্বর-দক্ষিণ ইরাকের একটি বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। শনিবার (২১ নভেম্বর) ভোরে বসরা শহরের উত্তরে অবস্থিত আল-হারথা তাপবিদ্যুৎকেন্দ্রে আগুন লাগে। ইরাকের নিউজ এজেন্সি (আইএনএ) জানিয়েছে, সিভিল ডিফেন্স ডিরেক্টরেট হারথা বিদ্যুৎকেন্দ্র এবং এর আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন কেন্দ্রটিতে অগ্নিকাণ্ডের পর কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া আগুনের ভিডিওতে ধোঁয়ার কুণ্ডলী ও পুড়ে যাওয়া গাড়ি দেখা গেছে। এ ছাড়া জরুরি উদ্ধার তৎপরতা দেখতে সেখানে মানুষের ভিড়ও দেখা যায়। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে কেউ আগুনে পুড়েছেন, আবার কেউ ধোঁয়ার কারণে শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরবর্তী চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ইরাকের বিদ্যুৎ অবকাঠামো দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্যে রয়েছে। কয়েক দশক ধরে অপর্যাপ্ত বিনিয়োগ, রক্ষণাবেক্ষণের অভাব এবং বিদ্যুতের চাহিদা সবচেয়ে বেশি থাকার সময় তা পূরণ করতে না পারার মতো সমস্যা রয়েছে দেশটিতে।

এর আগেও বিভিন্ন সাবস্টেশন ও বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড এবং কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। এমনকি বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটও ঘটেছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, আল-হারথা বিদ্যুৎকেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৮০০ মেগাওয়াট। তবে শনিবার অগ্নিকাণ্ডের আগে কেন্দ্রটি থেকে প্রায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। এ ঘটনার কারণে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন ব্যাহত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এস এম/ ২১ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language