বায়তুল মোকাররমে সংঘর্ষের মামলায় সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড

ঢাকা,১৯ নভেম্বর- জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে মুফতি রুহুল আমিনকে আটক করে ভাটারা থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বাদী প্রবাসফেরত ব্যবসায়ী মাওলানা জিয়াউর রহমান জুমার নামাজ আদায়ের জন্য বায়তুল মোকাররম মসজিদের নিচতলায় উপস্থিত হন। দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামী ফাউন্ডেশনের নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পড়ছিলেন।
এ সময় মুফতি রুহুল আমিন অন্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করে দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বার থেকে টেনে-হিঁচড়ে মারধর করে নিচে নামান এবং তার হাত থেকে মাইক কেড়ে নেন।
উপস্থিত মুসল্লিরা বাধা দিলে রুহুল আমিনের নির্দেশে আরেক আসামি হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে বাদীর ডান চোখে আঘাত করেন। এতে তার চোখের নিচে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং তিনি ডান চোখের দৃষ্টিশক্তি হারান। এ ছাড়া আসামিরা বাদীর শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করেন এবং তার পকেটে থাকা ৩০ হাজার টাকা নিয়ে যান। ওই ঘটনায় বাদীসহ ৫০ থেকে ৬০ জন মুসল্লি গুরুতর আহত হন এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর পল্টন থানায় মামলা করেন বাদী প্রবাসফেরত ব্যবসায়ী মাওলানা জিয়াউর রহমান।
এস এম/ ১৯ নভেম্বর ২০২৬







