রাজবাড়ী

দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট

রাজবাড়ী,১৮ নভেম্বর-ঘন কুয়াশার কারণে টানা দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আবার ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা থেকে এ নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হতে শুরু করে। এর আগে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুস সালাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোর থেকেই পদ্মা নদীর অববাহিকায় ঘন কুয়াশা দেখা দেয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা এতটাই ঘন হয়ে ওঠে যে নদীতে সামান্য দূরের কোনো বস্তুও দেখা যাচ্ছিল না। এতে নৌপথে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। তাই যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

ফেরি চলাচল বন্ধ থাকার সময় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের বিভিন্ন পন্টুনে ৯টি ফেরি নোঙর করে রাখা হয়। এ ছাড়া একটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। এর মধ্যে পাটুরিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে খানজাহান আলী ও বাইগার, ৪ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং ৫ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ফেরি অবস্থান করছিল। অন্যদিকে দৌলতদিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে পায়রা ও বিএস ডা. গোলাম মাওলা, ৪ নম্বর ঘাটে হাসনাহেনা এবং ৭ নম্বর ঘাটে ধলেশ্বরী ও কেরামত আলী ফেরি নোঙর করা ছিল। এ ছাড়া বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরি মাঝনদীতে আটকা পড়েছিল।

বিআইডব্লিউটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুস সালাম জানান, ঘন কুয়াশার কারণে সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশার ঘনত্ব কমে দৃষ্টিসীমা স্বাভাবিক হওয়ায় সকাল ৮টা থেকে আবার ফেরি চলাচল শুরু করা হয়েছে।

এস এম/ ১৮ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language