মিরপুরে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগে শ্রমিক-বিএনপি সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ঢাকা,১৮ নভেম্বর-রাজধানীর মিরপুরের কাফরুলে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ ঘটনার পর থেকে সংশ্লিষ্ট কারখানা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৩ নম্বর এলাকার লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানা এলাকায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, কারখানা দুটিতে প্রায় ৫ হাজার ১০০ জন শ্রমিক কাজ করেন। সকালে এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের শ্রমিকদের উৎপাদন কার্যক্রমে বাধা দেন এবং তাঁদের কারখানা থেকে বের করে নিয়ে আসেন।
সূত্র আরও জানায়, এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। একপর্যায়ে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর এলাকার সড়ক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এসব এলাকায় পোশাক শ্রমিকদের সড়কে নামার কোনো খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম ও মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ নাছের রিকাবদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। তবে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম জানান, সকালে কাফরুলে কিছুটা ঝামেলা হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে।
এস এম/ ১৮ নভেম্বর ২০২৬







