ভিনিসিয়ুসের হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

ব্রাসিলিয়া,১৭ নভেম্বর-আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ব্রাজিলের জার্সিতে এই প্রথম হ্যাটট্রিক করলেন রিয়াল মাদ্রিদের তারকা ভিনি।
মঙ্গলবার সিঙ্গাপুরের কাল্লাং ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য ধরে রেখে স্বাগতিকদের ৭ গোলে হারায় সেলেসাওরা।
আগের ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হারের হতাশা কাটিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে বছর শেষ করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ৯ মিনিটে ব্রুনো গিমারায়েসের পাস থেকে দলকে প্রথম এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। এরপর ১৫ ও ২১ মিনিটে আরও দুটি গোল করে মাত্র ২১ মিনিটের মধ্যেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রিয়াল মাদ্রিদের এই তারকা। ম্যাচের ৩১ মিনিটে তরুণ ফরোয়ার্ড এস্তেভাও উইলিয়ানের অ্যাসিস্টে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্যবধান ৪-০ করেন এন্দ্রিক। ফলে প্রথমার্ধেই বড় ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।
বিরতির পরও সিঙ্গাপুরের রক্ষণভাগে চাপ বজায় রাখে ব্রাজিল। ৫১ মিনিটে নিজের নামের পাশে গোল যোগ করেন এস্তেভাও উইলিয়ান। ম্যাচের ৬৫ মিনিটে দলের ষষ্ঠ গোলটি করেন তরুণ ফরোয়ার্ড রায়ান। এরপর ৭৪ মিনিটে অ্যালানের ক্রস ক্লিয়ার করতে গিয়ে সিঙ্গাপুরের ডিফেন্ডার রাউল সুহাইমি নিজেদের জালেই বল পাঠিয়ে দেন। এতে ৭-০ গোলের বড় জয় নিশ্চিত হয় ব্রাজিলের।
পুরো ম্যাচে ৬০ শতাংশ বল নিজেদের দখলে রেখে সিঙ্গাপুরের গোলমুখে মোট ২১টি শট নেয় ব্রাজিল। এর মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। অন্যদিকে সিঙ্গাপুর ৮টি শট নিলেও মাত্র একটি লক্ষ্যে রাখতে পারে।
আগের ম্যাচে লাল কার্ড দেখায় প্রধান কোচ কার্লো আনচেলত্তি ও উইঙ্গার রাফিনিয়া গ্যালারিতে বসে খেলা দেখেন। ডাগআউটে কোচের দায়িত্ব পালন করেন সহকারী কোচ ফ্রান্সেসকো মাউরি। আর ব্রাজিলের অধিনায়কত্ব করেন ব্রুনো গিমারায়েস।
এস এম/ ১৭ নভেম্বর ২০২৬







