জাতীয়

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশ-ভারত টানাপোড়েন, ডিসেম্বরে ফেরা অনিশ্চিত

বাংলাদেশ-ভারত

ঢাকা,১৫ নভেম্বর- ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য অনেক আগেই চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে দিল্লির পক্ষ থেকে বলা হচ্ছে, আইনি প্রক্রিয়া মেনেই বিষয়টি সম্পন্ন করা হবে। যদিও সেই আইনি প্রক্রিয়া সম্পর্কে ভারতের পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে বাংলাদেশ বলছে, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে। মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনার দেশে ফিরে আপিল করার সুযোগ আইনে নেই। তাঁর প্রত্যর্পণ ইস্যু দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে অস্বস্তি তৈরি করেছে। সম্প্রতি দুই দেশের মধ্যে কনস্যুলার সংলাপ স্থগিত হওয়ার মধ্য দিয়ে এই টানাপোড়েন স্পষ্ট হয়েছে। আগামী ১৭-১৮ নভেম্বর ঢাকায় এই সংলাপ হওয়ার কথা ছিল।

শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবেন বলে ঘোষণা দিয়েছেন। মেট্রিক্স চেম্বার্স নামে একটি ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে ইমেইল পাঠিয়েছে। ওই ইমেইলে জানতে চাওয়া হয়েছে, কী প্রক্রিয়ায় শেখ হাসিনা তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফেরত পেতে পারেন। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, দণ্ডিত আসামি হওয়ায় শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি ফিরে পাওয়ার অধিকার নেই। স্পষ্টতই, শেখ হাসিনার কাছে কোনো ট্রাভেল ডকুমেন্ট না থাকায় স্বাভাবিক প্রক্রিয়ায় তাঁর দেশে ফিরে আসা সম্ভব নয়। রাজনৈতিক সমঝোতার মাধ্যমে তাঁকে ফেরত পাঠানোও সহজ নয়। কারণ, ২০২৪ সালে ছাত্রদের নেতৃত্বে অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ায় বাংলাদেশের রাজনৈতিক পক্ষগুলো তাঁকে গ্রহণ করতে রাজি নয়। শেখ হাসিনার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তাঁকে হস্তান্তরের বিষয়টি দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে কী প্রভাব ফেলতে পারে, সেটিও দিল্লির বিবেচনায় রয়েছে। ফলে পুরো বিষয়টি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত দুটি শর্ত দিয়েছে। প্রথম শর্ত হলো, যেভাবে সামরিক বিমানে তাঁকে ভারতে পাঠানো হয়েছিল, একই প্রক্রিয়ায় সামরিক বিমানে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে। দ্বিতীয় শর্ত হলো, শেখ হাসিনাকে সব ধরনের আইনি সুবিধা দিতে হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ের সময় বলেছেন, ‘শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার বিষয়টি একটি আইনি প্রক্রিয়া। আইনগতভাবে ভারত বিষয়টি দেখছে।’

বাংলাদেশের পক্ষ থেকেও এসব বিষয়ে স্পষ্টভাবে জানানো হয়েছে, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে। তবে তিনি দেশে ফিরে এলেও আইনি সুবিধা পাওয়ার তেমন সুযোগ নেই। কারণ, তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করায় আইন অনুযায়ী সেই সুযোগ আর নেই। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ‘আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন। এ প্রক্রিয়া হলো প্রত্যর্পণ চুক্তি। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করার নির্ধারিত সময় পার হয়ে গেলে তা “ডিলে কন্ডোন” করার কোনো আইনি সুযোগ নেই। সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারেন না; যা ১৯৭৩ সালে শেখ মুজিবুর রহমানের সময়েই সংশোধন করা হয়েছিল।’

এ বিষয়ে জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘রায় প্রকাশিত হওয়ার পর ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে।’

এতে স্পষ্ট যে আইন অনুযায়ী শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই। কারণ, তাঁর বিরুদ্ধে ২০২৫ সালের ১৭ নভেম্বর মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন। পরে ২০২৬ সালের ১৩ জানুয়ারি মামলাটির পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।

এদিকে সরকারের সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ও ভারতের সরকারের মধ্যে প্রকাশ্যে কথাবার্তার পাশাপাশি অনানুষ্ঠানিক বা পরোক্ষভাবেও কিছু যোগাযোগ রয়েছে বলে তিনি ধারণা করছেন।

বাংলাদেশ ও ভারতের মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যোগাযোগ আছে কি না, জানতে চাইলে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।’

সবকিছু বিবেচনায় মনে হচ্ছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার বিষয়টি শুধু তাঁর নিজের ইচ্ছার ওপর নির্ভর করছে না। ফলে ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবেন বলে তিনি যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবে সম্ভব নয়।

এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি বলেছেন, ‘ডিসেম্বরে ফিরে আসবেন বলে শেখ হাসিনা রাজনৈতিক স্টান্টবাজি করেছেন। বাংলাদেশে তাঁর রাজনীতির কবর রচিত হয়েছে।’

এস এম/ ১৫ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language