গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ারশেলে ছত্রভঙ্গ

গাজীপুর,১৫ নভেম্বর-গাজীপুরের মৌচাকের তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে কিছু সময়ের জন্য সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাকের তেলিরচালা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে তেলিরচালা এলাকায় লেভেন্ডা গার্মেন্টসে শ্রমিকরা কাজে যোগ দিতে যান। তবে কাজে যোগ না দিয়ে সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ সড়কে নেমে অবরোধ করেন তারা। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে বললে তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। এরপর সকাল ৯টার দিকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আজ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে মৌচাকে কিছুটা উত্তেজনা ছিল। পুলিশ সক্রিয় থাকায় শ্রমিকরা পালিয়ে গেছেন। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এস এম/ ১৫ নভেম্বর ২০২৬







