উত্তর আমেরিকা

কালশির উপদেষ্টার পদ ছাড়ছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

ওয়াশিংটন, ১৩ নভেম্বর-যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ভবিষ্যতে বিভিন্ন ঘটনা নিয়ে অর্থের বিনিময়ে বাজি ধরার সুযোগ দেওয়া অনলাইন প্ল্যাটফর্ম কালশির উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।

প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান পলিমার্কেটে তার বিনিয়োগের পর পারস্পরিক সম্মতির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কালশি। এদিকে ট্রাম্প পরিবারের ব্যবসায়িক সম্পর্ক নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাটরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয় এবং ডেমোক্র্যাটদের কংগ্রেসের উভয়কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পর ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের কালশি থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের বিষয়টি সামনে এসেছে। যদিও ভবিষ্যদ্বাণীমূলক বাজার ও ক্রিপ্টোকারেন্সি খাতে ট্রাম্প পরিবারের ব্যবসায়িক সম্পর্ক নিয়ে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন ডেমোক্র্যাটরা।

ট্রাম্প জুনিয়র কালশি এবং প্রতিষ্ঠানটির প্রধান প্রতিদ্বন্দ্বী পলিমার্কেট—দুটিরই আনুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিনিয়োগ প্রতিষ্ঠান ১৭৮৯ ক্যাপিটাল পলিমার্কেটে বিনিয়োগ করেছে। অন্যদিকে, কালশির উপদেষ্টা হিসেবে কাজ করার পারিশ্রমিক হিসেবে প্রতিষ্ঠানটির মালিকানার একটি অংশ পেয়েছিলেন তিনি।

কালশির এক মুখপাত্র ব্লুমবার্গকে বলেন, ‘গত গ্রীষ্মে প্রতিদ্বন্দ্বী একটি প্রতিষ্ঠানে তার বিনিয়োগের পর আমরা পারস্পরিক সম্মতির ভিত্তিতে ডনের উপদেষ্টার দায়িত্ব শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আরও বেশি গ্রাহকের কাছে কালশিকে পরিচিত করতে তার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ।’

এর আগে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক দিন আগে ট্রাম্প জুনিয়রকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছিল কালশি। প্রতিষ্ঠানটি তাকে এই খাতের একজন ‘সমর্থক’ হিসেবে উল্লেখ করেছিল। একই সঙ্গে জানানো হয়েছিল, তিনি শুধু বিপণন কৌশল নিয়ে পরামর্শ দেবেন, নিয়ন্ত্রক সংক্রান্ত বিষয়ে নয়।

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় কালশির ভবিষ্যদ্বাণীমূলক বাজারে ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা অনেক বেশি দেখানো হয়েছিল। সে সময় জনমত জরিপগুলোতে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও এ কারণে আলোচনায় আসে প্রতিষ্ঠানটি।

ভবিষ্যদ্বাণীমূলক বাজারের বিরোধিতা মূলত ডেমোক্র্যাটদের পক্ষ থেকেই এসেছে। তবে কয়েকজন রিপাবলিকানও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য কালশি ও পলিমার্কেটের বিরুদ্ধে মামলাও করেছে। তাদের অভিযোগ, এই প্ল্যাটফর্মগুলো অঙ্গরাজ্যগুলোর জুয়াসংক্রান্ত আইন লঙ্ঘন করছে।

প্রসঙ্গত, ‘ভবিষ্যদ্বাণীমূলক বাজার প্ল্যাটফর্ম’ বলতে এমন অনলাইন প্ল্যাটফর্মকে বোঝায়, যেখানে মানুষ ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে কি না, তা নিয়ে অর্থের বিনিময়ে বাজি ধরতে পারেন।

যেমন—কোনো নির্বাচনে নির্দিষ্ট প্রার্থী জিতবেন কি না, কোনো দেশ বিশ্বকাপ জিতবে কি না কিংবা নির্দিষ্ট কোনো ঘটনা ঘটবে কি না। মূলত এসব প্ল্যাটফর্মে সম্ভাব্য ফলাফলের ওপর অর্থ বিনিয়োগ করেন ব্যবহারকারীরা। কালশি ও পলিমার্কেট এ ধরনের দুটি প্রতিষ্ঠান।

সহজভাবে বললে, কালশি ও পলিমার্কেট হলো ভবিষ্যতের বিভিন্ন ঘটনা নিয়ে বাজি ধরার অনলাইন প্ল্যাটফর্ম।

এস এম/ ১৩ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language