জাতীয়

ছেলেকে নিয়ে সংসদে মির্জা আব্বাস, রাজনীতিতে আসা নিয়ে যা বললেন

ছেলেকে নিয়ে সংসদে মির্জা আব্বাস

ঢাকা,১১ নভেম্বর-ছোট ছেলে মির্জা আরাফাত আব্বাস আজানকে সঙ্গে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।

বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ছেলেকে সঙ্গে নিয়ে অধিবেশন কক্ষে প্রবেশ করেন মির্জা আব্বাস।

ছেলেকে রাজনীতিতে নিয়ে আসবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, এটি তার ভাগ্যের বিষয়। তিনি নিজেও জানতেন না যে একদিন রাজনীতিতে আসবেন কি না। তবে তার পরিবার রাজনৈতিক পরিবার। রাজনীতিতে পরিবারের কেউ না কেউ আসবেই। তার পরিবারে ছেলেসহ ১৫ থেকে ২০ জন রাজনীতি করার মতো মানুষ রয়েছেন।

নিজের রাজনৈতিক জীবনের স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, রাজনীতিতে তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। তার সঙ্গে যারা প্রতিযোগিতায় ছিলেন, তাদের অনেকে ঝরে পড়েছেন। রাজনীতিতে অনেক প্রতিযোগিতা রয়েছে। অনেকে অংশ নিতে পারলেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন না।

অন্যদিকে, বাবার রাজনীতিতে যোগ দেওয়া এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ছেলে আজান বলেন, পড়াশোনাসহ নানা কারণে দীর্ঘদিন দেশের বাইরে থাকতে হয়েছে তাকে। তিনি মনে করেন, এখন সবার আগে বাবার পাশে থাকাটা জরুরি। সবকিছুতেই বাবা তার আদর্শ। বাবার পাশে ছায়া হয়ে থাকতে চান তিনি।

ভবিষ্যতে বাবার রাজনীতির দায়িত্ব নেবেন কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে আজান বলেন, বাবাই তার আদর্শ, এটাই তার শেষ কথা।

এস এম/ ১১ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language