মধ্যপ্রাচ্য

ইসরায়েলে ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব

নেতানিয়াহু

তেল আবিব,১১ নভেম্বর-ইসরায়েলের রাজনীতিতে দীর্ঘদিনের আধিপত্য হারানোর আশঙ্কায় পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অক্টোবরের নির্বাচনে তার জোটকে পেছনে ফেলে এগিয়ে থাকা বিরোধী শিবির সরকার গঠনের উদ্যোগ নেওয়ায় নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তিনি।

এমন পরিস্থিতিতে বিরোধীদের নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন নেতানিয়াহু। তবে বিশ্লেষকদের মতে, মূলত ক্ষমতায় টিকে থাকতেই তিনি এই কৌশল নিয়েছেন।

শনিবার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিরোধী শিবিরের নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেন।

এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নেতানিয়াহু সতর্ক করে বলেন, আরব দলগুলোর সমর্থনে সরকার গঠিত হলে ইসরায়েলে গৃহযুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে। তার অভিযোগ, এসব দল ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করতে চায়।

সোমবার প্রকাশিত আরেকটি ভিডিওতে তিনি বিরোধী নেতাদের তার নেতৃত্বে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান। এ সরকারে অতি-ধর্মীয় দলগুলোর পাশাপাশি কট্টর ডানপন্থী নেতা বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন-গভিরকেও রাখার প্রস্তাব দেন তিনি।

ইসরায়েলের নতুন পার্লামেন্ট নেসেটের ১২০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য ৬১টি আসন প্রয়োজন। সাবেক সরকারি উপদেষ্টা ও রাজনৈতিক বিশ্লেষক মিচেল বারাকের মতে, অতি-ধর্মীয় দল ইউনাইটেড তোরাহ জুডাইজমের (ইউটিজে) সমর্থন পেলে আইজেনকটের পক্ষে ৬৭ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব। ফলে দুর্বল অবস্থানে থেকেই নিজের জোটকে শক্তিশালী করার চেষ্টা করছেন নেতানিয়াহু।

তবে নেতানিয়াহুর রাজনৈতিক সংকট শুধু ক্ষমতা হারানোর আশঙ্কার মধ্যেই সীমাবদ্ধ নয়। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে বিচার চলছে। পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে নিরাপত্তা ব্যবস্থায় ব্যর্থতা এবং পরবর্তী সময়ে গাজা যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগেও তাকে জবাবদিহির মুখে পড়তে হতে পারে।

নতুন পার্লামেন্টে ৭ অক্টোবরের হামলায় স্বজন হারানো পরিবার, সংরক্ষিত সেনা এবং জিম্মিদের মুক্তির দাবিতে আন্দোলনকারীদের প্রতিনিধিত্ব রয়েছে। ফলে নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্তের দাবি আরও জোরালো হতে পারে। বিরোধীদের অন্যতম লক্ষ্য হলো, ওই হামলার আগে সরকারের ব্যর্থতা খতিয়ে দেখতে একটি রাষ্ট্রীয় কমিশন গঠন করা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিরোধী শিবিরকে জাতীয় ঐক্যের সরকারে যোগ দিতে রাজি করানো। তবে বিরোধীদের মধ্যে তার সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করার আগ্রহ খুবই কম। ফলে তার রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে সরকার গঠনের চলমান সমীকরণের ওপর।

এস এম/ ১১ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language