মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি, নতুন হামলা হলে আরও ভয়াবহ জবাব

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ

তেহরান,১১ নভেম্বর-ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো ভুল পদক্ষেপ নেওয়া হলে আগের চেয়েও ভয়াবহ আঘাতের মুখে পড়তে হবে তাদের।

আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ মুসাভিকে পাঠানো এক বার্তায় এ হুঁশিয়ারি দেন মেজর জেনারেল আলী আবদোল্লাহি। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক হিসেবে পরিচিত আইআরজিসির মেজর জেনারেল হাসান তেহরানি মুকাদ্দামের ১৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তিনি এ বার্তা দেন।

আলী আবদোল্লাহি বলেন, ‘আমরা আবারও যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসকগোষ্ঠীকে সতর্ক করছি, আগের আঘাতগুলো ছিল কেবল ঘটনার শুরু। নতুন করে কোনো ভুল হিসাব করলে তাদের জন্য আরও প্রাণঘাতী আঘাত অপেক্ষা করছে।’

তিনি জোর দিয়ে বলেন, এটি শুধু হুমকি নয়; বরং ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও প্রকৃত সামরিক শক্তির ওপর ভিত্তি করে দেওয়া একটি বিশ্বাসযোগ্য সতর্কবার্তা।

তিনি আরও ঘোষণা করেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের অস্তিত্বের বিরুদ্ধে হুমকির কেন্দ্র হিসেবে ব্যবহৃত যেকোনো স্থাপনা অসম যুদ্ধকৌশলের আওতায় সরাসরি লক্ষ্যবস্তু করা হবে।

আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের অর্জন তুলে ধরে চিফ অব জেনারেল স্টাফ ‘ট্রু প্রমিজ’ ও ‘নাসর’ অভিযানে অর্জিত সাফল্যের প্রশংসা করেন। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধ মোকাবিলায় এসব অভিযান গৌরবোজ্জ্বল সাফল্য এনে দিয়েছে।

তিনি বলেন, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স শূন্য থেকে শতভাগ স্বনির্ভরতার পথে এগিয়ে দেশের বিদেশি অস্ত্র আমদানির প্রয়োজনীয়তা দূর করতে সক্ষম হয়েছে। এর ফলে ইরান শুধু অস্ত্র আমদানিকারক দেশ হিসেবেই নয়, বরং কৌশলগত সামরিক সরঞ্জামের অন্যতম উৎপাদক ও রপ্তানিকারক দেশ হিসেবেও আত্মপ্রকাশ করেছে। আলী আবদোল্লাহি বলেন, ‘বিশেষ করে গত দেড় বছরে প্রকৃত যুদ্ধক্ষেত্রে যা প্রমাণিত হয়েছে, তা হলো ইরানের দৃঢ় সংকল্প ও প্রযুক্তির সামনে পশ্চিমাদের বহুল প্রচারিত প্রতিরক্ষা সরঞ্জাম ব্যর্থ হয়েছে।’

তিনি আরও দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গতি, কৌশলগত চালনক্ষমতা এবং প্রযুক্তিগত সক্ষমতার সামনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকারিতা হারিয়ে অকার্যকর হয়ে পড়েছে। ইরানের এই শীর্ষ সামরিক কমান্ডার আরও জানান, দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনশিল্প এমন সক্ষমতা অর্জন করেছে যে, শত্রুপক্ষের ব্যাপক হামলা ও বোমাবর্ষণের মধ্যেও অস্ত্র উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব।

তাঁর ভাষ্য অনুযায়ী, ভূগর্ভস্থ সুড়ঙ্গের গভীরে থাকা উৎপাদনকেন্দ্রগুলোতে সামরিক সরঞ্জাম তৈরির কাজ চলছে এবং দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো হচ্ছে। ফলে যেকোনো পরিস্থিতিতেই ইরানের অস্ত্র উৎপাদন, উন্নয়ন ও আধুনিকায়নের কার্যক্রম বন্ধ করা সম্ভব হবে না।

বার্তার শেষাংশে জেনারেল আলী আবদোল্লাহি ইসলামী বিপ্লবের নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা হোসেইনি খামেনির নির্দেশনা বাস্তবায়নে সশস্ত্র বাহিনীর অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই দায়িত্ব পালনের প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

এস এম/ ১১ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language