ইউরোপ

যুদ্ধ বন্ধে আবুধাবিতে রাশিয়া-ইউক্রেনের বৈঠক, আলোচনায় নিরাপত্তার নিশ্চয়তা

রাশিয়া-ইউক্রেনের বৈঠক

মস্কো,০৯ নভেম্বর-রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এ লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে মঙ্গলবার ও বুধবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। যুদ্ধের পর ইউক্রেনের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে, আলোচনায় সে বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তাঁর মতে, এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুবিও বলেন, রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনা শুরুর পর থেকেই নিরাপত্তার নিশ্চয়তার বিষয়টি বারবার সামনে এসেছে। যুদ্ধ শেষ হলে ইউক্রেন এবং বৃহত্তর ইউরোপীয় অঞ্চলের নিরাপত্তাব্যবস্থা কেমন হবে, তা নির্ধারণ করা জরুরি। এ বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে এবং আবুধাবির বৈঠকে আরও অগ্রগতি হবে বলে তাঁরা আশা করছেন। রুবিও বলেন, সংঘাতের অবসান না হলে যুদ্ধ-পরবর্তী নিরাপত্তাব্যবস্থা কার্যকর করার প্রশ্ন আসে না। এখন পর্যন্ত কোনো বিষয় চূড়ান্ত হয়নি। তবে আসন্ন আলোচনায় এ বিষয়ে অগ্রগতি হতে পারে।

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ১০ ও ১১ নভেম্বর আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের নিয়ে আলোচনার আয়োজন করবে ওয়াশিংটন। এতে যুক্তরাষ্ট্রের পক্ষে উইটকফের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। আলোচনায় যুদ্ধের অবসান, যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা চুক্তি, উত্তেজনা কমানো এবং মানবিক সহায়তার বিষয়গুলো গুরুত্ব পাবে।

এদিকে আলোচনায় ইউরোপের অংশগ্রহণও নিশ্চিত হয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো রোববার জানিয়েছেন, আবুধাবির বৈঠকে তাঁর দেশ প্রতিনিধিদের পাঠাবে। তবে ফ্রান্সের পক্ষ থেকে কারা অংশ নেবেন, তা তিনি জানাননি। এর আগে ব্রাসেলসে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে ইউক্রেন, ন্যাটো ও ইউরোপীয় অংশীদারদের বৈঠক হয়েছে। সেখানে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা, ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তাকাঠামো এবং ইউক্রেন পুনর্গঠনে অর্থনৈতিক সহায়তা নিয়ে আলোচনা করা হয়।

সীমান্ত ও নিরাপত্তা নিয়ে মতবিরোধ

যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা বাড়লেও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গুরুত্বপূর্ণ মতপার্থক্য এখনো রয়ে গেছে। রাশিয়া ইউক্রেনের চারটি অঞ্চল—দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসন—পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি জানিয়ে আসছে। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর এসব অঞ্চলকে নিজেদের ভূখণ্ড বলে ঘোষণা করে মস্কো। এর আগে ২০১৪ সালে ক্রিমিয়াও দখল করে রাশিয়া।

রাশিয়ার দাবি, ইউক্রেনকে এসব অঞ্চল থেকে সেনা সরিয়ে নিতে হবে, ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা ছেড়ে দিতে হবে এবং সামরিক বাহিনীর আকার কমাতে হবে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিরোধিতা করছেন। তাঁর আশঙ্কা, ভূখণ্ড ছেড়ে দিলে ভবিষ্যতে রাশিয়া আবারও হামলা চালানোর সুযোগ পাবে।

জেলেনস্কির মতে, যেকোনো শান্তিচুক্তির সঙ্গে পশ্চিমা দেশগুলোর শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের সেনাবাহিনীকে শক্তিশালী রাখার পাশাপাশি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের আর্থিক ও সামরিক সহায়তাও প্রয়োজন। ন্যাটোর সদস্যপদ পাওয়া ইউক্রেনের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। তবে ট্রাম্প প্রশাসন এ মুহূর্তে ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার পক্ষে নয়। রাশিয়াও এ প্রস্তাবের তীব্র বিরোধিতা করে আসছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কী ধরনের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হতে পারে, তা এখনো স্পষ্ট নয়। ন্যাটোর পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পঞ্চম অনুচ্ছেদের মতো যুক্তরাষ্ট্রের সরাসরি নিরাপত্তার প্রতিশ্রুতি, ইউরোপীয় দেশগুলোর নেতৃত্বে বহুজাতিক বাহিনী মোতায়েন কিংবা ইউক্রেনের নিজস্ব সেনাবাহিনীকে শক্তিশালী করার মতো বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা হচ্ছে। তবে এসবের কোনোটি নিয়েই এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

যুদ্ধক্ষেত্রে হামলা অব্যাহত

শান্তি আলোচনার প্রস্তুতি চললেও ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। জাপোরিঝঝিয়া অঞ্চলের কোমিশুভাখা শহরে একটি সাবেক স্কুল ভবন ও এর পাশের আশ্রয়কেন্দ্রে রুশ ড্রোন আঘাত হানে। ভবনটি মানবিক সহায়তা বিতরণের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল। হামলার সময় সেখানে উদ্ধারকাজ চলছিল। এতে কেউ হতাহত না হলেও উদ্ধারকাজে ব্যবহৃত সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে ওই এলাকায় হামলার পর প্রায় ৫০ জন নিখোঁজ রয়েছেন।

এদিকে ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সাময়িকভাবে বাইরের বিদ্যুৎ সরবরাহ হারায়। এতে চুল্লিগুলো ঠান্ডা রাখার জন্য কেন্দ্রটিকে জরুরি ব্যাকআপ জেনারেটরের ওপর নির্ভর করতে হয়। পরে আবার বিদ্যুৎ সরবরাহ চালু হয়। রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর এ নিয়ে ২৭ বার কেন্দ্রটি বাইরের বিদ্যুৎ সংযোগ হারাল। এ ঘটনায় পারমাণবিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

অন্যদিকে রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের জন্য সামরিক সরঞ্জাম বহন করছিল এমন তিনটি জাহাজে হামলা চালিয়েছে তাদের বাহিনী। পাশাপাশি দুটি বিদ্যুৎ উপকেন্দ্রেও হামলার কথা জানিয়েছে মস্কো। তবে এসব দাবির স্বাধীনভাবে কোনো যাচাই পাওয়া যায়নি। এদিকে রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতা কমাতে মলদোভা রোমানিয়া ও ইউরোপীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে নতুন সংযোগ চালু করেছে। ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ট্রাম্পের আশাবাদ, অনিশ্চয়তা কাটেনি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে। তবে সম্ভাব্য সমঝোতার পর ইউক্রেনের ভূখণ্ডের মানচিত্রে কিছু পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। তাঁর এ মন্তব্যে ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতা এবং শান্তিচুক্তির শর্ত নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, আবুধাবির বৈঠকে নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে অগ্রগতি হলেও ভূখণ্ডের প্রশ্নে সমঝোতায় পৌঁছানো কঠিন হতে পারে। ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ইউক্রেন পশ্চিমা দেশগুলোর কাছ থেকে শক্তিশালী প্রতিশ্রুতি চাইছে। অন্যদিকে মস্কো ইউক্রেনের সামরিক ও কৌশলগত অবস্থান সীমিত করার দাবি জানাচ্ছে। ফলে যুদ্ধ-পরবর্তী নিরাপত্তাকাঠামো নিয়ে দুই পক্ষের কাছে গ্রহণযোগ্য কোনো সমাধানে পৌঁছানোই হবে আলোচনার বড় পরীক্ষা।

এস এম/ ০৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language