পলাতক আসামিদের দেশে ফিরে আইনি প্রক্রিয়া ও সাজার মুখোমুখি হওয়ার আহ্বান সড়কমন্ত্রীর

ঢাকা,০৮ নভেম্বর-পলাতক আসামিদের দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেছেন, যারা পালিয়ে গেছেন, পলাতক বা ওয়ান্টেড আসামি, তারা দেশে ফিরে আসুন। আইনও সেটাই চায়। তাদের বিরুদ্ধে যে সাজা রয়েছে, সেটির মুখোমুখি হওয়ার জন্যও আমরা চাই তারা দেশে ফিরে আসুক।
রবিবার (৮ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ইছামতি নদীর ওপর নির্মাণাধীন কুন্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সড়কমন্ত্রী বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের বিচার আইনের মাধ্যমেই হচ্ছে। পলাতক আসামিদের দেশে ফিরে নিজেদের বিরুদ্ধে থাকা মামলা ও সাজার মুখোমুখি হওয়া উচিত।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকারের বিভিন্ন অপকর্ম, দুর্নীতি, গণহত্যা ও ক্ষমতার অপব্যবহারের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অনেক মামলার রায় হয়েছে, আবার কিছু মামলার বিচার এখনো চলছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে থাকা রায় সরকার ও বিচার বিভাগ কার্যকর করবে।
এর আগে ৬৮ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ইছামতি নদীর ওপর কুন্ডেরবাজার সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী। মুন্সীগঞ্জ (হাতিমারা)-কুন্ডেরবাজার-শ্রীনগর (ছনবাড়ি) জেলা মহাসড়কের ষষ্ঠ কিলোমিটারে নির্মাণাধীন সেতুটির দৈর্ঘ্য ১৫১ দশমিক ৯০ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ৩০ মিটার।
সেতুটি নির্মিত হলে টঙ্গিবাড়ী, সিরাজদিখানসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন এবং রাজধানী ঢাকার সঙ্গে মুন্সীগঞ্জের সড়ক যোগাযোগ আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলোসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
পরে দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে যোগ দেন সড়কমন্ত্রী। এতে সভাপতিত্ব করেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।
এস এম/ ০৮ নভেম্বর ২০২৬







