দেশজুড়ে শিক্ষার্থীদের নিয়ে আর্ট এক্সিবিশনের অনুমতি দিল মাউশি

ঢাকা,০৮ নভেম্বর- সারাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে আর্ট এক্সিবিশন আয়োজনের অনুমতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ রবিবার (৮ নভেম্বর) মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) অধ্যাপক মো. শহিদুল ইসলামের সই করা এক চিঠিতে এ অনুমতি দেওয়া হয়। ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড ‘আর্ট বাংলাদেশ’-এর ব্যানারে এই কার্যক্রম পরিচালনা করবে।
চিঠিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। মাউশি মনে করে, শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চার জন্য চিত্রাঙ্কন এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে এই প্রদর্শনী সহশিক্ষা কার্যক্রম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তবে অনুমতি দেওয়ার পাশাপাশি কিছু শর্তও দিয়েছে মাউশি। এতে বলা হয়েছে, আয়োজিত কার্যক্রমের জেলাভিত্তিক প্রতিবেদন ‘আর্ট বাংলাদেশ’-এর পরিচালককে প্রতি তিন মাস পরপর মাউশির শারীরিক শিক্ষা বিভাগে জমা দিতে হবে।
চিঠির সঙ্গে আর্টপেপারের চাহিদাপত্র এবং উল্লেখিত কার্যক্রমের নিয়মাবলি সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক, উপপরিচালক (মাধ্যমিক) এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এস এম/ ০৮ নভেম্বর ২০২৬







