দক্ষিণ এশিয়া

ভারতের সুরাটে দীপাবলিতে ২০ কর্মীকে ১ লাখ রুপি করে বোনাস দিলেন ব্যবসায়ী

১ লাখ রুপি করে বোনাস দিলেন ব্যবসায়ী

গান্ধীনগর,০৮ নভেম্বর-অধিকাংশ কর্মচারীর কাছে দুর্গাপূজা, দীপাবলি কিংবা ঈদের বোনাস বলতে সাধারণত মিষ্টির বাক্স, অ্যামাজনের উপহারের বাক্স, খামে করে কিছু রুপি অথবা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া বাড়তি কিছু টাকা। তবে ভারতের সুরাটের বস্ত্র ব্যবসায়ী রামস্বরূপ মুন্ডের অধীনে কাজ করা ২০ জন কর্মীর এবারের দীপাবলির বোনাস ছিল একেবারেই আলাদা। সাধারণ মিষ্টির বাক্স বা সামান্য নগদ অর্থের বদলে প্রত্যেক কর্মীকে তিনি দিয়েছেন নগদ ১ লাখ রুপি করে।

কাগজের খামের বদলে রুপোর চকচকে পূজার থালায় সাজিয়ে রাখা হয়েছিল ১০ থেকে ৫০০ রুপির নোটের বান্ডিল। ব্যবসায়ী নিজ হাতে সেগুলো কর্মচারীদের তুলে দেন। এই উপহার পেয়ে এক নারী কর্মী এতটাই আবেগাপ্লুত হয়ে পড়েন যে প্রায় কেঁদেই ফেলেন।

এই ঘটনার কয়েকটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সাড়া পড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ওই ব্যবসায়ীর প্রশংসা করছেন।

সুরাটের ভারাচা এলাকায় বস্ত্র ও হীরা ব্যবসায়ী হিসেবে রামস্বরূপ মুন্ডের বেশ পরিচিতি রয়েছে। চলতি বছর দীপাবলি উপলক্ষে কর্মীদের বোনাস দেওয়ার মুহূর্তটিকে স্মরণীয় ও আনন্দমুখর করে তুলতে চেয়েছিলেন তিনি।

এত বড় অঙ্কের বোনাস দেওয়ার কারণ জানিয়ে ব্যবসায়ী রামস্বরূপ মুন্ডে বলেন, ‘এরা শুধু আমার দোকানের কর্মচারী নন; এরা আমার পরিবার। সারা বছর তাদের কঠোর পরিশ্রমের ওপরই আমার ব্যবসা চলে। তাহলে দীপাবলির সময় আমার পরিবারের সদস্যদের ঘরে টাকার অভাব থাকবে কেন?’

তিনি আরও বলেন, ‘আমি চেয়েছিলাম প্রত্যেক কর্মচারীর পরিবার যেন রুপি গুনে দীপাবলির কেনাকাটা করতে পারে এবং তাদের মুখে যেন মন খুলে হাসি ফোটে।’ এই চিন্তা থেকেই কোনো ধরনের দ্বিধা ছাড়াই তিনি কর্মীদের মধ্যে লাখ লাখ রুপি নগদ বিতরণ করেন।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিজের কঠিন শৈশব এবং দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠার অভিজ্ঞতার কথাও জানিয়েছেন মুন্ডে। জীবনে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাওয়ার কারণে তিনি ভালোভাবেই বোঝেন, একটি পরিবারের সংসারের খরচ চালানো কতটা কঠিন হতে পারে।

রামস্বরূপ মুন্ডের দোকানে কর্মরত রেখাবেন ভালাদা জানান, তিনি কখনোই এমন অপ্রত্যাশিত বোনাস পাওয়ার কথা ভাবেননি। নিজের বাড়ির স্বপ্ন পূরণ করতে যখন তাঁর জরুরিভাবে টাকার প্রয়োজন, ঠিক সেই সময় কোম্পানির এই আর্থিক সহায়তা নতুন বাড়ি কেনার ক্ষেত্রে তাঁর জন্য অনেক বড় সাহায্য হয়ে উঠবে।

ভিডিওটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করছেন, ‘বস যদি উদার হন, তাহলে এমনই হওয়া উচিত। অথচ অন্য অনেক প্রতিষ্ঠান এতটাই কৃপণ যে কর্মীদের মিষ্টির বাক্স দিতেও কার্পণ্য করে!’ আবার অনেক ব্যবহারকারী মজা করে সুরাটের ওই দোকানের ঠিকানা জানতে চাইছেন, যাতে আগামী বছর তাঁরাও সেখানে চাকরি নিতে পারেন।

সুরাটের মানুষের মানসিকতা ও উদারতার এমন একটি অসাধারণ উদাহরণ এখন পুরো শহরজুড়েই আলোচনার বিষয় হয়ে উঠেছে।

তবে এই উৎসবের মৌসুমে দীপাবলিতে বড় উপহার দিয়ে আলোচনায় আসা একমাত্র ব্যবসায়ী নন মুন্ডে। এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে দিল্লির রোহিনী এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠান তাদের কর্মীদের আইফোন-১৬ স্মার্টফোন উপহার দিয়ে সবার নজর কেড়েছিল।

প্রতিষ্ঠানটি তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ১৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে। সেখানে কর্মীদের ডেস্কের ওপর রাখা স্মার্টফোনগুলো দেখা যায়। সাদা, সবুজ, নীল ও কালো রঙের ফোনগুলো আলাদা আলাদাভাবে ফিতা দিয়ে মুড়িয়ে রাখা হয়েছিল। এতে পুরো অফিসজুড়ে তৈরি হয়েছিল উৎসবের আমেজ।

এস এম/ ০৮ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language