শিক্ষা

কারিগরি শিক্ষার এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার আবেদন শুরু আজ

কারিগরি শিক্ষা

ঢাকা,০৫ নভেম্বর-২০২৬ সালের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আজ। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষায় অংশ নিতে অনলাইনে ফরম পূরণ করা যাবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত।

বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এই সুযোগ পাবেন। এ ছাড়া দ্বিতীয় বর্ষের পরীক্ষার সঙ্গে প্রথম বর্ষের অকৃতকার্য বিষয়ে সম্পূরক পরীক্ষা দিয়ে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

ফরম পূরণের নির্ধারিত সময় শেষ হওয়ার পর ১০ নভেম্বর পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে। প্রত্যেক পরীক্ষার্থীর জন্য বোর্ড নির্ধারিত ফি ৪০০ টাকা এবং অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের জন্য ৮০ টাকা। এর বাইরে কেন্দ্র ফি হিসেবে দিতে হবে ৪৫০ টাকা।

শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফির অতিরিক্ত টাকা নেওয়া নিষিদ্ধ করেছে বোর্ড। এ ধরনের অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে প্রবেশপত্রে কোনো ভুল থাকলে পরীক্ষা শুরুর আগেই ৫০০ টাকা জমা দিয়ে তা সংশোধন করতে হবে।

বহিষ্কারের নির্ধারিত সময় শেষ হয়নি—এমন পরীক্ষার্থী এবং দুইয়ের বেশি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন না। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে প্রকাশ করা হবে।

এস এম/ ০৫ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language