এইচএসসির ফল সন্তোষজনক হয়নি, ঘাটতি পূরণে কাজ করবে মন্ত্রণালয়: শিক্ষামন্ত্রী

ঢাকা,৩১ অক্টোবর-চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, বিদ্যমান সমস্যা কাটিয়ে ভবিষ্যতে যাতে ফলাফল ভালো হয়, সে বিষয়ে চেষ্টা চালানো হচ্ছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
এ সময় তিনি জানান, সমস্যাগুলো কীভাবে কাটিয়ে ওঠা যায়, সে বিষয়ে মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এই ঘাটতি পূরণের জন্য আমরা অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানাব, যাতে আগামী দিনে ফলাফল ভালো হয়।’
উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য ১ নভেম্বর থেকে আবেদন করা যাবে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, গত এসএসসি পরীক্ষায় উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়েছিল। এতে ৩ হাজার ৭৯ জন জিপিএ-৫ পেয়েছিলেন। এবারও পুনর্নিরীক্ষণ করা হবে। কেউ যেন মূল্যায়নে বঞ্চিত না হন, সেদিকে লক্ষ্য রেখে আগামী দিনে কাজ করা হবে। এবারের ফলাফল সন্তোষজনক হয়নি। এ বিষয়ে শিক্ষা বোর্ডগুলোসহ সংশ্লিষ্ট সবাই মিলে আগামী দিনে ভালো ফল করার চেষ্টা করা হবে।
চলতি বছর এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী ফেল করেছেন।
এস এম/ ৩১ অক্টোবর ২০২৬







