জাতীয়

সৌদি আরবে কারখানায় আগুনে নিহত বাকি ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

ঢাকা,৩১ অক্টোবর-সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাকি সাত বাংলাদেশি শ্রমিকের মরদেহ দেশে পৌঁছেছে।

আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরে সেগুলো নিয়ে যাওয়া হবে নিহতদের গ্রামের বাড়ি নওগাঁ ও নাটোরে।

এর আগে গত ৯ আগস্ট রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নিহত হন।

এ ঘটনায় নিহতদের মধ্যে প্রথম দফায় ৯ জনের মরদেহ গত ২৭ আগস্ট দেশে আনা হয়েছিল।

বাকি সাতজনের মরদেহ আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।

ডিএনএ পরীক্ষায় শনাক্ত হওয়া নিহত সাত বাংলাদেশি হলেন—নওগাঁ সদর উপজেলার মো. শাহিন, আত্রাই উপজেলার মো. হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামাণিক, মো. মাসিদুল সরদার সজিব ও মো. সাগর আলী এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার মোহাম্মদ শামীম ও মো. সাব্বির হোসেন।

এস এম/ ৩১ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language