লালমনিরহাট

লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

লালমনিরহাট সীমান্ত

লালমনিরহাট, ১৮ অক্টোবর-লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে ১৪ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নজরদারি ও তাৎক্ষণিক বাধার কারণে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

বিজিবি ও স্থানীয় একাধিক সূত্র জানায়, শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পাটগ্রামের বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর মেইন পিলারসংলগ্ন এলাকা দিয়ে এ পুশ-ইনের চেষ্টা চালানো হয়। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে বিএসএফ দুই শিশু, দুই নারী ও ১০ জন পুরুষসহ মোট ১৪ জনকে একসঙ্গে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে ওই সীমান্তে দায়িত্বে থাকা বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শক্ত অবস্থান নেয় এবং তাদের বাংলাদেশে প্রবেশ করতে বাধা দেয়। বিজিবির কঠোর প্রতিরোধের মুখে বিএসএফ তাদের চেষ্টা সফল করতে পারেনি।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, বিজিবির বাধার কারণে বাংলাদেশে প্রবেশ করতে না পেরে ওই ১৪ জন বর্তমানে সীমান্তের জিরো লাইন থেকে প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। নতুন করে যাতে কোনো অনুপ্রবেশের ঘটনা না ঘটে, সে জন্য ওই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম শাহীন বলেন, সীমান্ত দিয়ে ১৪ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়েছিল। তবে বিজিবির সতর্ক টহল দলের বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে পুরো বিষয়টি সমাধানের জন্য জোর চেষ্টা চলছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।

এস এম/ ১৮ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language