প্রবাস আয় বৃদ্ধি ও ডলার সংকট কমায় দুই মাসে এলসি খোলা বেড়েছে ১৭.৯২%

ঢাকা,১৬ অক্টোবর-প্রবাসী আয় বাড়া এবং ডলারের সংকট কমে আসায় ভোগ্য পণ্য, শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির আমদানিকারকেরা আগের চেয়ে বেশি এলসি খুলতে পারছেন। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় মোট এলসি খোলা বেড়েছে ১৭.৯২ শতাংশ। একই সময়ে এলসি নিষ্পত্তি বেড়েছে ১০.৭৪ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) মোট এক হাজার ৩৯৪ কোটি ডলারের ঋণপত্র বা এলসি খোলা হয়েছে। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে মোট এক হাজার ১৮২ কোটি ডলারের এলসি খোলা হয়েছিল।
সেই হিসাবে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে গত বছরের একই সময়ের তুলনায় মোট এলসি খোলা বেড়েছে ২১১ কোটি আট লাখ ডলার বা ১৭.৯২ শতাংশ।
এ ছাড়া, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে মোট এক হাজার ২৪৬ কোটি ৬০ লাখ ডলারের ঋণপত্র বা এলসি নিষ্পত্তি হয়েছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে মোট এক হাজার ১২৫ কোটি ৭০ লাখ ডলারের এলসি নিষ্পত্তি হয়েছিল। সেই হিসাবে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে গত বছরের একই সময়ের তুলনায় ১২০ কোটি ৯০ লাখ ডলারের বা ১০.৭৪ শতাংশ বেশি এলসি নিষ্পত্তি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে ভোগ্য পণ্যের জন্য ১২৫ কোটি ৯০ লাখ ডলারের ঋণপত্র বা এলসি খোলা হয়েছে। আর ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে ভোগ্য পণ্যের এলসি খোলা হয়েছিল ১০০ কোটি ৩০ লাখ ডলারের। সেই হিসাবে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে গত বছরের একই সময়ের তুলনায় ভোগ্য পণ্যের এলসি খোলা বেড়েছে ২৫ কোটি ৬০ লাখ ডলার বা ২৫.৫০ শতাংশ।
এস এম/ ১৬ অক্টোবর ২০২৬







