ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

ঢাকা,১৪ অক্টোবর- ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শেখ হাসিনার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তাঁর সন্ত্রাসীদের সুদূর যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য উসকানি দিয়ে যাচ্ছেন। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই। এ বিষয়ে সরকারের দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। তারা যে ফ্যাসিস্ট, দেশ থেকে পালিয়ে গিয়েও নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ দিয়ে যাচ্ছে এবং এর মাধ্যমে বিশ্ববাসীকে তা জানিয়ে দিচ্ছে। শেষে তিনি ‘শেইম…’ লেখেন।
এর আগে নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে ‘টেররিস্ট’ ও ‘ট্রেইটর’ বলে মন্তব্য করার ঘটনার প্রতিবাদ জানান সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনার সমালোচনা করেন এবং বিশ্বজুড়ে ড. ইউনূসের অবদানের কথা তুলে ধরেন।
এস এম/ ১৪ অক্টোবর ২০২৬







