এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

ঢাকা,১৪ অক্টোবর -এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এক বৈঠকে তিনি এ কথা জানান।
জ্বালানিমন্ত্রী বলেন, যুদ্ধের কারণে সারা বিশ্বে জ্বালানি সংকট তৈরি হয়েছে। জ্বালানির দামেও স্থিতিশীলতা নেই। এখন জ্বালানি সংগ্রহের উৎস হিসেবে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই রয়েছে, অন্য উৎসগুলো ঠিক নেই। এমন পরিস্থিতিতে ভোক্তা পর্যায়ে জ্বালানির দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে। এর মধ্যে কেউ নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ধর্মঘট করার চেষ্টা করলে ১৯৫৬ সালের আইন প্রয়োগ করা হবে। কথায় কথায় ধর্মঘট ডেকে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে এবং জনগণ আস্থা রেখে সরকারকে দায়িত্ব দিয়েছে। তাই জনগণ যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। ধর্মঘটের পথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রী বলেন, এলপিজি ব্যবসায়ীদের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানের বিষয়েও আজ আলোচনা হয়েছে। এ বিষয়ে চলতি মাসেই আবার বৈঠকে বসা হবে।
এস এম/ ১৪ অক্টোবর ২০২৬







