হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় ইরান

তেহরান, ২৯ সেপ্টেম্বর-বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি। এটি আবার চালুর বিষয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ইরান। আজ মঙ্গলবারই সেই কাঙ্ক্ষিত জবাব পাওয়ার আশা করছে তেহরান।
গত সোমবার কাতারি ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জানান, ইরান তাদের পরিকল্পনা তুলে ধরার পর আলোচনা আগের তুলনায় অনেক বেশি আন্তরিক হয়েছে। কাতারের প্রতিনিধিরা কিছু নতুন ধারণা দিয়েছেন। তারা বিষয়টি নিয়ে আমেরিকানদের সঙ্গে আবারও কথা বলবেন। এরপর যুক্তরাষ্ট্রের চূড়ান্ত জবাব কাতারের মাধ্যমে তেহরানে পৌঁছাবে।
আরাগচি জানান, কাতার আশা করছে মঙ্গলবারই এই বার্তা তাদের কাছে পৌঁছাবে। সেই বার্তার ওপর ভিত্তি করেই তেহরান চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মেহর নিউজ এজেন্সিকে তিনি বলেন, হরমুজ প্রণালি খোলার বিষয়ে তাদের সর্বোচ্চ নেতার দেওয়া কিছু শর্ত রয়েছে। প্রণালিটি খুলতে হলে সেগুলো মানতেই হবে।
বর্তমানে আলোচনার একমাত্র বিষয় এই হরমুজ প্রণালি। আরাগচির মতে, যুক্তরাষ্ট্র যদি সত্যিই কোনো চুক্তি বা শান্তির পথ চায়, তাহলে ইরান সেই সমাধানের পথ দেখিয়ে দিয়েছে। এখন শুধু শর্তগুলো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে তারা।
এস এম/ ২৯ সেপ্টেম্বর ২০২৬







