ইরানের নিষেধাজ্ঞা তদারকি প্যানেলের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রাশিয়া-চীনের ভেটোতে বাতিল

বেইজিং,১৮ সেপ্টেম্বর- জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তদারককারী বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদ বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের আনা একটি খসড়া প্রস্তাব ভেটো দিয়ে বাতিল করে দিয়েছে রাশিয়া ও চীন। নিরাপত্তা পরিষদের ১৭৩৭ নিষেধাজ্ঞা কমিটির আওতাধীন এই বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদ বাড়াতেই প্রস্তাবটি তোলা হয়েছিল।
বৃহস্পতিবার ফ্রান্সের সভাপতিত্বে অনুষ্ঠিত ভোটাভুটিতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তবে স্থায়ী সদস্য রাশিয়া ও চীন এতে ভেটো দেওয়ায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়। পাকিস্তান ও সোমালিয়া ভোটদানে বিরত থাকে।
জাতিসংঘে চীনের প্রতিনিধি ফু চং খসড়া প্রস্তাবের তীব্র বিরোধিতা করে নিরাপত্তা পরিষদকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি মধ্যপ্রাচ্যে চলমান সংকটের জন্য ইরানের ওপর মার্কিন হামলা ও সর্বোচ্চ চাপের নীতিকে দায়ী করেন।
তাঁর সতর্কবার্তা, নতুন করে নিষেধাজ্ঞা বা চাপ সৃষ্টি করা হলে সংকট আরও বাড়তে পারে। ২০২৫ সালের ১৮ অক্টোবর রেজোলিউশন ২২৩১-এর মেয়াদ শেষ হওয়ার বিষয়টিও উল্লেখ করে বেইজিং জানায়, ইরানের পরমাণু ইস্যু নিয়ে নিরাপত্তা পরিষদের আলাদা আলোচনার আইনি ভিত্তি আগেই শেষ হয়ে গেছে। চীন নিরাপত্তা পরিষদকে একতরফা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের মঞ্চে পরিণত না করে বহুপাক্ষিক কূটনীতির স্বার্থে গঠনমূলক পথ খোঁজার পরামর্শ দেয়।
অন্যদিকে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া ১৭৩৭ কমিটিকে সম্পূর্ণ অকার্যকর ও অবৈধ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, কোনো আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইরানের ওপর পুরনো নিষেধাজ্ঞা বা ‘স্ন্যাপব্যাক’ মেকানিজম পুনর্বহাল করা হয়নি। ফলে বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদ বাড়ানোর এই বৈঠকের কোনো আইনগত বা কার্যপ্রণালীগত ভিত্তি নেই। নেবেনজিয়া জানান, মস্কো আগেই যুক্তরাষ্ট্রকে সংঘাতের পথ থেকে সরে আসার বার্তা দিয়েছিল। কিন্তু ওয়াশিংটন রাজনৈতিক মুখোমুখি অবস্থানের পথই বেছে নিয়েছে।
ভোটাভুটিতে বিরত থাকা পাকিস্তানের প্রতিনিধি ইরানের পরমাণু ইস্যুর সমাধানে কূটনৈতিক আলোচনা এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ভূমিকার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এস এম/ ১৮ সেপ্টেম্বর ২০২৬







