ক্রিকেট

ভারতীয় ক্রিকেটাররাই নাকি গোলাপি বলের টেস্ট চায় না!

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি – দিবা-রাত্রির গোলাপি বলের টেস্ট জনপ্রিয় করে তুলতে চেষ্টা করছে আইসিসি। তবে ‘ক্রিকেট মোড়ল’ ভারতের অনেক ক্রিকেটারই নাকি এটা পছন্দ করছেন না। আহমেদাদে দিবা-রাত্রির টেস্টে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে মাত্র দেড় দিনে জিতেছে ভারত। এরপরেই গোলাপি বলের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতীয় বোর্ড সূত্রে জানা গেছে, এই অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

আহমেদাদ টেস্টে যে ৩০টি উইকেট পড়েছে, তার মধ্যে ২৮টিই নিয়েছেন স্পিনাররা। বেশিরভাগ আউটই হয়েছে সোজা বলে, যা পিচে পড়ে পিছলে গেছে। পাশাপাশি গোলাপি বলের দৃশ্যমানতা নিয়েও সমস্যা আছে। ভারতীয় বোর্ডের এক সদস্য বলেছেন, ‘লাল বলের তুলনায় গোলাপি বল অনেক বেশি পিছলে যায়। ব্যাটসম্যানদের মাথায় আগে থেকেই থাকে যে, পিচে পড়ার পর কত দ্রুত বল ব্যাটে আসবে। কিন্তু গোলাপি বলের ক্ষেত্রে সেই হিসাব খাটে না। কারণ বল অনেক দ্রুত ব্যাটে আসে।’

আরও পড়ুন : দুই বিশ্বকাপজয়ী ইউসুফ পাঠান অবসরে

উল্লেখ্য, তৃতীয় টেস্টের পর রোহিত শর্মা এবং অক্ষর পটেলের মুখে গোলাপি বলের এই সমস্যার কথা শোনা গিয়েছিল। আহমেদাদে পিচের চরিত্র আগেই বুঝে নিয়ে তিন স্পিনার খেলিয়েছিল ভারত। ইংল্যান্ড সেখানে খেলায় শুধু জ্যাক লিচকে। কিন্তু পার্টটাইম স্পিনার জো রুটও সেখানে ৫ উইকেট নেন! নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় ক্রিকেটার বলেছেন, ‘আহমেদাদের পিচ চেন্নাইয়ের মতোই ছিল। যদি সেখানে আমরা লাল বলে খেলতাম তাহলে ম্যাচ অবশ্যই চার দিনে গড়াত।’

সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ২৭ ফেব্রুয়ারি

Back to top button
🌐 Read in Your Language