২০২৭ সালের ব্রিকস সম্মেলন চীনে, সভাপতিত্ব করবে বেইজিং

বেইজিং,১৩ সেপ্টেম্বর- ২০২৭ সালের ব্রিকস সম্মেলন চীনে অনুষ্ঠিত হবে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। একই সঙ্গে তিনি জানান, আগামী বছর ব্রিকসের সভাপতিত্ব করবে চীন।
ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শি জিনপিংকে অভিনন্দন জানান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সম্মেলনের ভিডিওতেও দুই নেতার সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত দেখা গেছে। চীনা দূতাবাস ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াও পরে সম্মেলনের আয়োজক দেশ হিসেবে চীনের দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
তবে ২০২৭ সালের সম্মেলন চীনের কোন শহরে এবং ঠিক কোন তারিখে অনুষ্ঠিত হবে, তা এখনো জানানো হয়নি।
এবার ভারত ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন আয়োজন করে। এতে ১১টি সদস্যদেশের নেতাদের পাশাপাশি ১০টি অংশীদার দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
ভারতের সভাপতিত্বে এবারের সম্মেলনে ‘গ্লোবাল সাউথ’-এর স্বার্থকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ইউক্রেন ও পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে উন্নয়নশীল দেশগুলোর ওপর তৈরি হওয়া অর্থনৈতিক চাপ মোকাবিলায় খাদ্য ও জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থা স্থিতিশীল রাখার ওপর জোর দেওয়া হয়।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে মোদি ব্রিকসকে ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ বৈশ্বিক জোট হিসেবে উল্লেখ করে আগামী দুই দশকের জন্য আরও উচ্চাভিলাষী কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।







