এশিয়া

জাভা সাগরে ২৪৩ যাত্রীসহ জাহাজ নিখোঁজ, ৮৬ জন উদ্ধার

জাভা সাগর

জাকার্তা, ১৩ সেপ্টেম্বর- ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমন্তনের দিকে যাওয়ার পথে ২৪৩ জন যাত্রী ও ক্রু নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ জাভা সাগরে নিখোঁজ হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) উদ্ধারকারীরা জানিয়েছেন, এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৮৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে বাকি যাত্রীদের অবস্থা এখনো জানা যায়নি।

ভার্গো ট্রান্সপোর্ট ৮ নামের জাহাজটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমন্তনের বানজারমাসিনের দিকে যাচ্ছিল। স্থানীয় সময় রাত ২টার দিকে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বানজারমাসিনের ক্লাস এ সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান ই পুতু সুদায়ানা জানান, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রায় দুই ঘণ্টা পর তারা জরুরি খবর পান। এরপর যৌথ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

সুদায়ানা এক বিবৃতিতে বলেন, “সর্বশেষ তথ্য অনুযায়ী, জাহাজটি জাভা সাগরে খারাপ আবহাওয়ার মধ্যে পড়েছে। বানজারমাসিনের বাসিরিহ সার ডক থেকে প্রায় ৮০ নটিক্যাল মাইল বা ৯২ মাইল দূরে এর অবস্থান।”

জাহাজটিতে থাকা ২৪৩ জনের মধ্যে ৩০ জন ছিলেন ক্রু সদস্য এবং বাকি ২১৩ জন যাত্রী। এখন পর্যন্ত ৮৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং একজনের মরদেহ পাওয়া গেছে। অন্যদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

বানজারমাসিনের উদ্ধার সংস্থার অভিযান বিভাগের প্রধান আরিয়ান্তো আরদিও জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধারকারীদের ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে এবং ত্রিসাক্তিতে একটি অভিযান কেন্দ্র স্থাপন করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটির পরিচালনাকারী সংস্থা দুর্ঘটনার খবর পাওয়ার পর বিষয়টি তাদের জানায়। তাদের পাওয়া তথ্য অনুযায়ী, জাহাজটি খারাপ আবহাওয়ার মধ্যে পড়েছিল।

এস এম/ ১৩ সেপ্টেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language