বাবেল মান্দেবের নিয়ন্ত্রণের পথে হুতিরা, চাপে ট্রাম্প প্রশাসন

ওয়াশিংটন, ১৩ সেপ্টেম্বর- মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হঠাৎ দ্রুতগতির অভিযানে নতুন করে ভূ-রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। ইয়েমেনের উপকূল ধরে হুতি যোদ্ধাদের দক্ষিণমুখী এই অগ্রযাত্রা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাবেল মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ তাদের নাগালের মধ্যে নিয়ে এসেছে।
এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গভীর অস্বস্তিতে পড়েছে। লোহিত সাগরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই সংকীর্ণ জলপথটি হুতিদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হওয়ায় বিশ্ব বাণিজ্য ও আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে।
পারস্য উপসাগরের হরমুজ প্রণালি সংঘাতের কারণে কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর সৌদি আরব তাদের তেল রপ্তানি মূলত লোহিত সাগরের বন্দরগুলোর ওপর নির্ভরশীল করে তুলেছিল। কিন্তু ইয়েমেন ও আফ্রিকার মধ্যবর্তী বাবেল মান্দেব প্রণালির মাঝখানে থাকা পেরিম দ্বীপে হুতিরা পৌঁছে যাওয়ায় রিয়াদের সেই বিকল্প জ্বালানি রুটও এখন বড় ঝুঁকির মধ্যে পড়েছে। ইরান এরই মধ্যে হরমুজ প্রণালিতে বিঘ্ন সৃষ্টি করে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত করেছে। এখন বাবেল মান্দেবের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি তেহরানকে মধ্যপ্রাচ্যের দুটি প্রধান জ্বালানি করিডোরের ওপরই বাড়তি কৌশলগত সুবিধা দিচ্ছে।
এমন সময় এই সংকট আরও ঘনীভূত হলো, যখন মার্কিন রাজনীতিতে কঠিন সময় পার করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রেকর্ড পরিমাণ কমে যাওয়া জনসমর্থন এবং আসন্ন নভেম্বরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনে নিজ দলের নিয়ন্ত্রণ ধরে রাখার চ্যালেঞ্জের মধ্যে এই সংঘাত ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক ফাঁদ হয়ে উঠেছে।
এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলে হুতিদের দমনে সরাসরি সামরিক সহায়তা চেয়েছেন। তবে হোয়াইট হাউস জানিয়েছে, ওয়াশিংটন এই মুহূর্তে সরাসরি সামরিক সংঘাতে জড়াবে না। তবে রিয়াদকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করা হবে।
বিশ্লেষকদের মতে, বাবেল মান্দেব প্রণালি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক পেট্রোলিয়াম সরবরাহের প্রায় সাত শতাংশ এবং মোট আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ১২ শতাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের সামনে এখন খুব কঠিন দুটি বিকল্প রয়েছে—হুতিদের ঠেকাতে মার্কিন সামরিক বাহিনীকে সরাসরি মাঠে নামানো, অথবা সৌদি আরব ও আঞ্চলিক মিত্রদের এই ভয়াবহ লড়াইয়ে একা ছেড়ে দেওয়া।
এস এম/ ১৩ সেপ্টেম্বর ২০২৬







