দলীয় প্রতীক না থাকায় যোগ্য সব বৈধ প্রার্থী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন: শাহে আলম

ঢাকা, ১০ সেপ্টেম্বর- আসন্ন স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হবে না। তাই আইন অনুযায়ী, যে কোনো দলের যোগ্যতাসম্পন্ন সব বৈধ প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী শাহে আলম।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হলে বিএনপির অবস্থান কী হবে—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তারা এখানে আওয়ামী লীগ হিসেবে নির্বাচন করছেন না। কারণ, স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে অংশ নেওয়ার সুযোগ নেই। দলীয় মনোনয়নও থাকবে না, দলীয় প্রতীকও থাকবে না।
তিনি বলেন, স্থানীয়ভাবে দল সমর্থিত প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। উপজেলা বিএনপি সংশ্লিষ্ট ইউনিয়নে একজন সমর্থিত প্রার্থী ঠিক করে দিতে পারে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকেও স্থানীয় বিএনপিকে সব ইউনিয়নে একক সমর্থিত প্রার্থী রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোনো আলাদা অবস্থান নেবে না বলে জানান মীর শাহে আলম। তিনি বলেন, সরকারের দায়িত্ব হবে নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সহযোগিতা করা।
তিনি আরও বলেন, যেহেতু নির্বাচন দলীয়ভাবে হচ্ছে না, তাই যারা বৈধ প্রার্থী হিসেবে নির্বাচন করবেন, তাদের নিরাপত্তা দেওয়া এবং তারা যেন সঠিকভাবে প্রচার-প্রচারণা চালাতে পারেন, সেজন্য নির্বাচন কমিশনকে স্থানীয় প্রশাসন ও কেন্দ্রীয় প্রশাসন সহযোগিতা করবে।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যা যা করা দরকার, তা করার জন্য জনগণের সরকার এবং সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনা রয়েছে।
এস এম/ ১০ সেপ্টেম্বর ২০২৬







