খুলনায় বিএনপির মহাসমাবেশ আজ

খুলনা, ২৭ ফেব্রুয়ারি – দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিগত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নেতৃত্বে আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) খুলনায় বিক্ষোভ সমাবেশ করবে দলটি। এছাড়াও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত ও তারেক রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদ জানানো হবে এই বিক্ষোভ সমাবেশ থেকে।
খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, বরিশালের মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ারের, চট্টগ্রামের মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এবং রাজশাহীর মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বীর উত্তম।
আরও পড়ুন : হ্যান্ডকাপ খুলে পালানো সেই মাদক ব্যবসায়ী ফের গ্রেপ্তার
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্বাচন হয়ে যাওয়া ছয় সিটি করপোরেশন এলাকায় বিভাগীয় সমাবেশ করার ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এর আগে ১৮ ফেব্রুয়ারি বরিশাল বিক্ষোভ সমাবেশ করেছে দলটি। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী অপর সিটির সমাবেশগুলো হবে রাজশাহী ১ মার্চ, ঢাকা উত্তরে ৩ মার্চ ও ঢাকা দক্ষিণে ৪ মার্চ।
সূত্র : বিডি২৪লাইভ
এন এইচ, ২৭ ফেব্রুয়ারি









