চক্রান্তকারীরা ভ্রাতৃত্বের বন্ধন ধ্বংসের চেষ্টা চালাচ্ছে: রুহুল কবির রিজভী

ঢাকা, ৮ সেপ্টেম্বর – বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মেলবন্ধন ধ্বংসের জন্য চক্রান্তকারীরা অপতৎপরতা চালাচ্ছে। তিনি উল্লেখ করেন, এ দেশের মাটির গভীরে দীর্ঘদিনের সামাজিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধ মিশে আছে।
হাজার বছর ধরে এ দেশের মানুষ একই সমাজে ও মহল্লায় কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে এবং এই অটুট বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকবে। মঙ্গলবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী বলেন, তিনটি প্রধান ধর্মীয় সম্প্রদায়ের কল্যাণে আলাদা ট্রাস্ট গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সম্প্রদায়ের উপাসনালয়গুলো আরও সমৃদ্ধ ও সুন্দরভাবে পরিচালনা করা এবং পূজারি ও ভক্তরা যেন নির্বিঘ্নে প্রার্থনা ও আরাধনা করতে পারেন, তা নিশ্চিত করতেই এসব ট্রাস্টের পরিচালনা কমিটি দায়িত্ব পালন করবে।
তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, ট্রাস্টের দায়িত্বে যারা এসেছেন তারা নিজ নিজ সম্প্রদায়ের অত্যন্ত যোগ্য ও দক্ষ ব্যক্তিত্ব হিসেবে আন্তরিকতার সাথে কাজ করবেন। রিজভী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনে প্রতিটি ধর্মীয় সম্প্রদায় ও নৃ গোষ্ঠীর সমান অধিকার ও স্থান রয়েছে।
এখানে প্রত্যেকেই গর্বভরে নিজেদের বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে পারে। দেশবিরোধী বিভিন্ন চক্রান্তকারী দল অটুট বন্ধন ভাঙার চেষ্টা করলেও দেশের মানুষ সবসময় একতাবদ্ধ থেকেছে বলে তিনি মন্তব্য করেন।
এস এম/ ৮ সেপ্টেম্বর ২০২৬







