শিক্ষা

বজ্রপাত সচেতনতায় শিক্ষা প্রতিষ্ঠানের কাছে প্রতিবেদন চাইল কারিগরি শিক্ষা অধিদপ্তর

ঢাকা, ৭ সেপ্টেম্বর – চলতি মৌসুমে দেশে বজ্রপাতের প্রকোপ বেড়ে যাওয়ায় এর ক্ষয়ক্ষতি কমাতে এবং ঝুঁকি মোকাবিলায় গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন চেয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের আওতাধীন দেশের সকল ইঞ্জিনিয়ারিং কলেজ, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের কার্যক্রমের তথ্য নির্ধারিত ইমেইলে পাঠাতে বলা হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাকিবুল হাসান স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গত ২৩ আগস্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, ২০১৬ সালে সরকার বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করে। বজ্রপাতের তীব্রতা ও ঝুঁকি বাড়ায় জনসচেতনতা বৃদ্ধির বিষয়টি এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলি বা এসওডি অনুযায়ী মাঠপর্যায়ে বজ্রপাত মোকাবিলায় বিভিন্ন কার্যক্রম জোরদার করার উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেলা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় বজ্রপাতজনিত ঝুঁকি ও সুরক্ষার বিষয়ে বিশেষ আলোচনা করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সচেতনতামূলক লিফলেট ও পোস্টার বিতরণ এবং ধর্মীয় উপাসনালয়সহ জনসমাগমস্থলে নিয়মিত সতর্কতামূলক বার্তা প্রচারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে খোলা মাঠে কর্মরত কৃষক ও মৎস্যজীবীদের সুরক্ষায় মাঠপর্যায়ে সচেতনতামূলক প্রচার চালানোর কথা বলা হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে থাকা সকল আঞ্চলিক কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের দ্রুততম সময়ে এই সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এনএন/ ৭ সেপ্টেম্বর ২০২৬

Back to top button