ফুটবল

বার্সেলোনার অধিনায়কত্বে বড় চমক, নেতৃত্বের তালিকায় ১৯ বছরের ইয়ামাল

বার্সেলোনা, ৫ সেপ্টেম্বর – বার্সেলোনার নতুন মৌসুমের জন্য অধিনায়কত্বের কাঠামো চূড়ান্ত করা হয়েছে। এই নতুন নেতৃত্বে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন ক্লাবটির ১৯ বছর বয়সী তরুণ তারকা লামিনে ইয়ামাল। বয়সে ছোট হলেও দলের নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে তার ওপর আস্থা প্রকাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ।

স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক এই নতুন নেতৃত্ব কাঠামো তৈরিতে বিশেষ ভূমিকা রেখেছেন।

দলের নিয়মিত অধিনায়ক মার্ক আন্দ্রে টের স্টেগেন এবং রোনাল্ড আরাউহোর প্রস্থানে নেতৃত্বে পরিবর্তনের প্রয়োজন দেখা দেয়। এর আগে কোচ ফ্লিক প্রাথমিকভাবে রাফিনহা, পেদ্রি ও এরিক গার্সিয়াকে অস্থায়ী অধিনায়ক হিসেবে নির্বাচন করেছিলেন। পরবর্তীতে দলের সকল খেলোয়াড় অনুশীলনে যোগ দিলে অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে চূড়ান্ত নেতৃত্বের তালিকা করা হয়।

নতুন এই কাঠামো অনুযায়ী রাফিনহা প্রথম অধিনায়ক এবং পেদ্রি দ্বিতীয় অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া দলের অন্য সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে বাকি তিনটি স্থানে জায়গা করে নিয়েছেন এরিক গার্সিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং এবং লামিনে ইয়ামাল। মূলত জোয়ান গাম্পার ট্রফির আগেই অস্থায়ীভাবে রাফিনহা, পেদ্রি ও এরিক গার্সিয়াকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছিল।

খেলোয়াড়দের ভোটে নির্বাচিত এরিক গার্সিয়ার অন্তর্ভুক্তি মোটেও বিস্ময়কর ছিল না। তার পেশাদার আচরণ ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা থাকায় সতীর্থদের মধ্যে তিনি বেশ জনপ্রিয়। অন্যদিকে ফ্রেঙ্কি ডি ইয়ং এর আগেও বার্সার অধিনায়কত্বের প্যানেলে ছিলেন। বয়সের বিচারেও তিনি বর্তমান স্কোয়াডের অভিজ্ঞতম খেলোয়াড়দের একজন।

তবে নেতৃত্বের এই তালিকায় ১৯ বছরের ইয়ামালের জায়গা পাওয়া সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। বার্সেলোনার ১০ নম্বর জার্সিধারী এই তরুণের মাঠের পারফরম্যান্স ও প্রভাবই তাকে এই অবস্থানে নিয়ে এসেছে। মাত্র ১৯ বছর বয়সে অধিনায়কত্বের প্যানেলে অন্তর্ভুক্ত হওয়া সাহসী সিদ্ধান্ত হলেও ক্লাব কর্তৃপক্ষ মনে করে ইয়ামালের বর্তমান গুরুত্বকে স্বীকৃতি দেওয়া জরুরি ছিল। ফলে আসন্ন মৌসুমে অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি ভবিষ্যতের তারকা ইয়ামালকেও বার্সেলোনার নেতৃত্বে দেখা যাবে।

এনএন/ ৫ সেপ্টেম্বর ২০২৬

Back to top button