সিরাজগঞ্জ

তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগিরই শুরু হচ্ছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

সিরাজগঞ্জ, ৪ সেপ্টেম্বর – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন যে তিস্তা মহাপরিকল্পনার কাজ অনেক দূর এগিয়েছে। নকশা তৈরির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং খুব দ্রুতই এর মাঠ পর্যায়ের কাজ শুরু করা হবে। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুরে গবাদিপশু আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের পানি বৈষম্যের কারণে এক সময়ের প্রমত্তা তিস্তা নদী এখন মরুভূমিতে পরিণত হয়েছে। শুকনো মৌসুমে এই অঞ্চলে শুধু বালুচর দেখা যায়। এই সংকট নিরসনে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। তারেক রহমান লন্ডন থেকে এই আন্দোলনে সংহতি জানিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিএনপি ক্ষমতায় আসলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

যমুনার চরাঞ্চল প্রসঙ্গে মন্ত্রী বলেন, বন্যার সময় চরাঞ্চলের মানুষ ও গবাদিপশু চরম বিপাকে পড়ে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে সেখানে আশ্রয়কেন্দ্র তৈরি করা হচ্ছে। পরবর্তীতে বেলকুচির সোহাগপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী।

সেখানে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপি গঠিত হয়েছিল। বিএনপি সবসময় জনকল্যাণের রাজনীতি করে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর অনেক জুলুম করা হলেও তিনি নীতিতে অবিচল ছিলেন।

বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে দল পরিচালিত হচ্ছে এবং জনগণের আস্থায় বিএনপি দেশ পুনর্গঠনে কাজ করছে। ত্রাণমন্ত্রী আরও উল্লেখ করেন যে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার অনেক কর্মসূচি ইতিমধেই শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমামদের ভাতার মতো বিষয়গুলো আগামী পাঁচ বছরের মধ্যে পুরোপুরি বাস্তবায়ন করা হবে। আলোচনা সভা শেষে মন্ত্রী একটি বর্ণাঢ্য র‍্যালীর উদ্বোধন করেন এবং স্থানীয় তাঁতশিল্প এলাকা পরিদর্শন করেন।

এস এম/ ৪ সেপ্টেম্বর ২০২৬

Back to top button