জাতীয়

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপ-হাইকমিশনের বিশেষ সতর্কবার্তা

বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা

ঢাকা, ৩ সেপ্টেম্বর – কলকাতায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে আগত পর্যটক ও রোগীদের জন্য বিশেষ ভ্রমণ নির্দেশনা জারি করেছে সেখানে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে উপ-হাইকমিশন বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত করে কলকাতায় যাওয়ার অনুরোধ জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ আগস্ট কলকাতায় অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসন জননিরাপত্তায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে বেশ কিছু আবাসিক হোটেল ও রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে অনভিপ্রেত সমস্যা এড়াতে কলকাতায় পৌঁছানোর আগে আবাসন নিশ্চিত করা জরুরি। বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে আগত রোগীদের সঙ্গে আসা ব্যক্তিদের হোটেল বুকিং নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। একই সাথে হোটেলের অবস্থান, হাসপাতালের দূরত্ব এবং রুমের প্রাপ্যতা সম্পর্কে ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসনের তথ্যমতে, বন্ধ ঘোষিত হোটেলগুলো পুনরায় চালু করতে মাসখানেক সময় লাগতে পারে। তাই আবাসন সংকটে পড়া এড়াতে আগাম ব্যবস্থা না নিয়ে ভ্রমণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এনএন/ ৩ সেপ্টেম্বর ২০২৬

Back to top button