দক্ষিণ এশিয়া

উত্তরপ্রদেশে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১

আতশবাজি কারখানায় শক্তিশালী বিস্ফোরণ

লখনউ, ১ সেপ্টেম্বর – ভারতের উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলায় একটি আতশবাজি কারখানায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকেলে পিসরি থানা এলাকার মনোরি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

কৌশাম্বীর জেলা ম্যাজিস্ট্রেট অমিত পাল জানিয়েছেন, বিস্ফোরণটি মনোরি পাওয়ার হাউসের নিকটবর্তী একটি আতশবাজি কারখানায় ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানাটি এবং পার্শ্ববর্তী অন্তত ৫ থেকে ৬টি বাড়ি ধসে পড়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত প্রয়াগরাজের এসআরএন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জন মারা যান। চিকিৎসাধীন আরও অন্তত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। কর্মকর্তাদের ভাষ্যমতে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ কারখানার আশপাশের বহু মানুষ এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। ১৮ জনেরও বেশি মানুষ বিভিন্নভাবে আহত হয়েছেন।

দুর্ঘটনার ফলে নিরাপত্তার খাতিরে দিল্লি থেকে হাওড়াগামী ট্রেন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ রাখা হয়। আজমির থেকে শিয়ালদহগামী এক্সপ্রেস এবং দিল্লি থেকে বারাণসীগামী বন্দে ভারত এক্সপ্রেসকে নির্দিষ্ট স্টেশনে থামিয়ে রাখা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে স্থানীয় প্রশাসন।

এস এম/ ১ সেপ্টেম্বর ২০২৬


Back to top button
🌐 Read in Your Language