মধ্যপ্রাচ্য

খার্গ দ্বীপ ধ্বংসের ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করল ইরান

তেহরান, ৩১ আগস্ট – ইরানের গুরুত্বপূর্ণ তেলকেন্দ্র খার্গ দ্বীপ ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে সেখানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং তেল উত্তোলন কার্যক্রমও বন্ধ হয়নি। রবিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি বিস্ফোরণের ভিডিও পোস্ট করেন ট্রাম্প।

সেখানে তিনি দাবি করেন যে খার্গ দ্বীপ চুরমার হয়ে গেছে। তবে রয়টার্সের এক প্রতিবেদনে দেখা গেছে ট্রাম্পের শেয়ার করা ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। এই পোস্টের কয়েক ঘণ্টা পরও খার্গ দ্বীপে কোনো হামলার প্রমাণ পাওয়া যায়নি। ইরানের সরকারি তেল উত্তোলনকারী প্রতিষ্ঠান ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান নির্বাহী হামিদ বোভার্দ ট্রাম্পের এই দাবিকে হাস্যকর বলে অভিহিত করেছেন।

তিনি জানান দ্বীপটিতে কোনো হামলা হয়নি বরং বর্তমানে সেখানে আগের ক্ষয়ক্ষতি মেরামত ও স্থাপনা আধুনিকায়নের কাজ চলছে। উল্লেখ্য যে ইরানের প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি এই দ্বীপের মাধ্যমেই পরিচালিত হয়। এদিকে খার্গ দ্বীপে হামলা না হলেও তার কয়েক ঘণ্টা আগে লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হরমুজ প্রণালীতে মাইন স্থাপনের প্রস্তুতির অভিযোগে ইরানের রেভোলিউশনারি গার্ড কোরের ওপর এই হামলা চালানো হয়। এর জবাবে জর্ডানে দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান।

তবে জর্ডানের সামরিক বাহিনী সেই ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করার কথা জানিয়েছে। অন্যদিকে পারস্য উপসাগরে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে ইরান। হরমুজ প্রণালীতে নৌমাইনের আঘাতে একটি ট্যাংকারে আগুন ধরে সেটি অচল হয়ে পড়েছে বলেও জানা গেছে।

এস এম/ ৩১ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language