আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, দগ্ধ অর্ধশতাধিক

আলজিয়ারস, ২৭ আগস্ট – উত্তর-পূর্ব আলজেরিয়ার বিভিন্ন অঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ৫৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে অসংখ্য পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইদ সায়ুদ সাংবাদিকদের জানান, জিজেল, বেজাইয়া এবং তিজি উজু প্রদেশে এসব প্রাণহানি ঘটেছে। এর মধ্যে জিজেলে পাঁচজন, বেজাইয়ায় চারজন এবং তিজি উজুতে তিনজন মারা গেছেন। বেজাইয়া প্রদেশের সুক এল থেনিন শহরের একটি হাসপাতাল পরিদর্শনের সময় মন্ত্রী এই তথ্য প্রদান করেন।
সেখানে তিনি দাবানলে দগ্ধ এবং ধোঁয়ায় অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সরকারি বার্তা সংস্থা আলজেরিয়া প্রেস সার্ভিসের তথ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালে ৫৪ জন দগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে অন্তত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বুধবার এক দিনেই দেশজুড়ে মোট ১৫৪টি অগ্নিকাণ্ডের ঘটনা নথিবদ্ধ করেছে সিভিল প্রোটেকশন বাহিনী। এর মধ্যে শুধু বেজাইয়া প্রদেশেই ৩৬টি অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এর মধ্যে ১৮টি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
অগ্নিনির্বাপণকারী দল স্কিকদা, এল তারফ, বুইরা, তিজি উজু এবং তেবেসা প্রদেশের দাবানল নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বেজাইয়া এবং জিজেল প্রদেশের বেশ কিছু এলাকায় এখনো আগুন জ্বলছে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় ক্ষতিগ্রস্ত এলাকা থেকে পরিবারগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা গেছে, ঘন ধোঁয়ার মধ্যে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন স্থানে আশ্রয় নিচ্ছেন। আলজেরিয়া এবং পার্শ্ববর্তী দেশ তিউনিসিয়ায় বর্তমানে তীব্র তাপপ্রবাহ চলছে, যা দাবানল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গ্রীষ্মের তীব্র তাপমাত্রায় আলজেরিয়ায় প্রায়ই এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়।
এস এম/ ২৭ আগস্ট ২০২৬









