চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ, ২৭ আগস্ট – চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুর উপজেলার রামদাশপুর সীমান্তে ছয়জনকে পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির আওতাধীন রামদাসপুর বিওপি এলাকায় এই ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ২১৬/এমপি এর কাছাকাছি এলাকা দিয়ে এই অনুপ্রবেশের চেষ্টা করা হয়। ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা করেন।
খবর পেয়ে রামদাসপুর বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। বিজিবি সদস্যরা তাদের ভারতীয় সীমান্তের শূন্য রেখার ভেতরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করেন এবং তাদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশে বাধা দেন।
নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়েছে। বর্তমানে ওই ছয়জনকে ভারতীয় ভূখণ্ডের ভেতরে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে এবং সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।
এনএন/ ২৭ আগস্ট ২০২৬









