জাতীয়

তিন দশক পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ

ঢাকা, ২০ আগস্ট – বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর এই নির্বাচন আয়োজিত হচ্ছে।

দীর্ঘ সাড়ে তিন দশক পর দেশে আবারও সরাসরি ভোটাভুটির মাধ্যমে রাষ্ট্রপ্রধান নির্বাচিত করার এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে। ১৯৯১ সালের পর এবারই প্রথম একাধিক প্রার্থীর উপস্থিতিতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন।

বাংলাদেশের সংসদীয় ব্যবস্থায় গত তিন দশক ধরে ক্ষমতাসীন দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসলেও এবার জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রার্থী দেওয়ায় সেই ধারায় পরিবর্তন এসেছে।

এবারের নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লড়ছেন এলডিপি চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী কর্মকর্তা হিসেবে এই ভোট প্রক্রিয়া পরিচালনা করবেন। সংসদ বর্তমানে নিয়মিত অধিবেশনে না থাকায় সিইসি নিজেই সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করেছেন।

আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে ভোটগ্রহণ চলবে। মোট ৩৪৯ জন সংসদ সদস্য এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার পরপরই তাৎক্ষণিকভাবে ভোট গণনা শুরু হবে এবং সিইসি নিজেই ফলাফল ঘোষণা করবেন।

পুরো প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছ রাখার ঘোষণা দিয়েছে কমিশন এবং ফলাফল গণনার অংশটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি। এই নির্বাচনকে ঘিরে জাতীয় ও আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

এনএন/ ২০ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language