পশ্চিমবঙ্গ

কলকাতার নিউমার্কেটে অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশি, হেল্পলাইন চালু

কলকাতা, ১৯ আগস্ট – ভারতের কলকাতার নিউমার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের জরুরি সহায়তা প্রদানের জন্য একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে বাংলাদেশ উপ-হাইকমিশন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিউমার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে লাগা আগুনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের জরুরি পরিষেবা এবং দুর্ঘটনায় হতাহতদের স্বজনদের যোগাযোগের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বুধবার ভোরে ওই আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মোট ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের চার সদস্যসহ মোট ৫ জন বাংলাদেশি নাগরিকের পরিচয় শনাক্ত করা হয়েছে।

এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কলকাতায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের যে কোনো প্রয়োজনে হেল্পলাইনটির মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে উপ-হাইকমিশন কর্তৃপক্ষ।

এস এম/ ১৯ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language