জাতীয়

৫০-৬০ ডলারে স্মার্টফোন দেওয়ার পরিকল্পনা সরকারের: রেহান আসিফ

ঢাকা, ১৯ আগস্ট – দেশের সাধারণ মানুষের হাতে সাশ্রয়ী মূল্যে ডেটা-নির্ভর স্মার্টফোন পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানিয়েছেন, স্থানীয়ভাবে উৎপাদিত এসব স্মার্টফোনের দাম ৫০ থেকে ৬০ ডলারের মধ্যে রাখার পরিকল্পনা করা হচ্ছে।

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত পাওয়ারিং দ্য ফিউচার: রবি কমপ্লিটস ঢাকা মডার্নাইজেশন শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য প্রদান করেন। উপদেষ্টা বলেন, স্মার্টফোনের দাম কমাতে স্থানীয় মোবাইল প্রস্তুতকারক ও ব্যবসায়ীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আগে মোবাইল তৈরির কাঁচামালে ২৬ থেকে ৩৩ শতাংশ পর্যন্ত কর ও শুল্ক থাকলেও বর্তমানে তা কমিয়ে ৫ শতাংশের নিচে নামিয়ে আনা হয়েছে। অনেক ক্ষেত্রে এটি শূন্য শতাংশ করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো স্বল্পমূল্যে মানসম্মত ডিভাইস জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

তিনি আরও জানান, দেশে বর্তমানে প্রায় ৫০ শতাংশ গ্রাহক ফিচার ফোন ব্যবহার করছেন। অর্থাৎ প্রায় ৭ কোটি মানুষকে উন্নত নেটওয়ার্ক ও স্মার্টফোনের আওতায় আনা এখন সময়ের দাবি।

কিস্তি সুবিধার মাধ্যমে এসব ফোন কিনতে গ্রাহকদের সহায়তায় কেন্দ্রীয় ব্যাংক ও বেসরকারি ব্যাংকগুলোকে উৎসাহিত করার কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম উপস্থিত ছিলেন। রবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি প্রযুক্তির এই রূপান্তরকে স্বাগত জানান।

এস এম/ ১৯ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language