কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, নিহতরা বাংলাদেশি কি না চলছে তদন্ত

কলকাতা, ১৯ আগস্ট – কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন নারী এবং একজন শিশু রয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম নিহতদের বাংলাদেশি হিসেবে উল্লেখ করলেও বিষয়টি এখনও নিশ্চিত করেনি স্থানীয় কর্তৃপক্ষ।
পশ্চিমবঙ্গের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা জানান, নিহতরা বাংলাদেশি নাকি ভারতীয় তা তদন্তের পর পুলিশ নিশ্চিত করবে। বর্তমানে মরদেহগুলোর পরিচয় শনাক্তের কাজ চলছে। অগ্নিকাণ্ডের সময় হোটেলটি থেকে প্রায় ৮০ জনকে উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিমিত্রা পাল হোটেলটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় অনুমোদন নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানান, একটি বহুতল ভবনের ভেতরে একাধিক হোটেল পরিচালিত হচ্ছিল যেখানে অসংখ্য ছোট ঘর ও বিপুল পরিমাণ এসি ছিল।
এই ধরনের অনিয়মের মাঝেও কীভাবে কলকাতা পৌরসভা ট্রেড লাইসেন্স এবং বিদ্যুৎ সরবরাহের অনুমতি দিল, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। মন্ত্রী আরও প্রশ্ন তোলেন, হোটেলগুলো ফায়ার সার্ভিসের ছাড়পত্র এবং সিইএসসির বিদ্যুৎ সংযোগ কীভাবে পেল।
তিনি অভিযোগ করেন যে, আগের সরকারের আমলে অনেক ক্ষেত্রে যথাযথ নিয়মনীতি অনুসরণ করা হয়নি। অগ্নিমিত্রা পাল ঘোষণা করেন যে, কলকাতা পৌরসভার আওতাধীন সব হোটেল অডিট করা হবে। এই ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
হোটেলগুলোর অনুমোদন প্রক্রিয়া এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা কীভাবে নিশ্চিত করা হয়েছিল, তাও এই তদন্তের আওতায় থাকবে। বুধবার ভোররাতে মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও পুলিশের দীর্ঘ প্রচেষ্টায় ভবনের ভেতর থেকে ৮০ জনকে উদ্ধার করা সম্ভব হয়। তবে ৯ জনকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
এস এম/ ১৯ আগস্ট ২০২৬









