মধ্যপ্রাচ্য

গাজায় জরুরি জ্বালানি সরবরাহের আহ্বান পৌরসভা ইউনিয়নের

গাজা, ১৮ আগস্ট – গাজা উপত্যকায় জরুরি ভিত্তিতে জ্বালানি প্রবেশের সুযোগ করে দিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও মধ্যস্থতাকারীদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে গাজা স্ট্রিপ পৌরসভা ইউনিয়ন। একইসঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পৌরসভা ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে যে গাজার অন্তত ৭০০টি জেনারেটরের মধ্যে মাত্র ৪০টির জন্য জ্বালানি সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে।

পানি উত্তোলনের কূপ, পাম্পিং স্টেশন ও পয়োনিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় ডিজেল সরবরাহে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে জ্বালানি সরবরাহ ব্যাপকভাবে কমে যাওয়ায় গাজার অধিকাংশ পানির কূপ কার্যত অচল হয়ে পড়েছে।

এর ফলে বাস্তুচ্যুত শিবিরের হাজার হাজার পরিবার চরম পানি সংকটে ভুগছে। জরুরি সেবা ও মানবিক কার্যক্রম সচল রাখতে দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন বলে উল্লেখ করেছে সংগঠনটি। পরিস্থিতি মোকাবিলায় গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে একটি বিশেষ মানবিক করিডোর চালুরও দাবি জানানো হয়েছে।

এস এম/ ১৮ আগস্ট ২০২৬

Back to top button
🌐 Read in Your Language